আমরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দিইনি, দেবও না: মির্জা ফখরুল
ঠাকুরগাঁওয়ে দুর্নীতিবাজদের ঠাঁই হবে না; ২০২৭ সালে মেডিকেল কলেজে ছাত্র ভর্তির আশা—জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "ঠাকুরগাঁওয়ে কোনো দুর্নীতিবাজকে ঠাঁই দেওয়া হবে না। যারা দুর্নীতি করবে, তাদের দেখার জন্য দুদক আছে। আমরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দিইনি, ভবিষ্যতেও দেব না।"
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলার সব সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ঠাকুরগাঁও মেডিকেল কলেজ ও স্বাস্থ্যসেবা:
জেলায় মেডিকেল কলেজ স্থাপনের বিষয়ে সুখবর দিয়ে মন্ত্রী বলেন, "মেডিকেল কলেজ স্থাপনের জন্য একটি বিশেষজ্ঞ দল ইতোমধ্যে ঠাকুরগাঁওয়ে এসেছে। তারা আজই জমি দেখে নির্ধারণ করবেন। আমরা আশা করছি, ২০২৭ সালের মধ্যেই এই মেডিকেল কলেজে ছাত্র ভর্তি কার্যক্রম শুরু হবে।" এছাড়া জেলার স্বাস্থ্যসেবার মান উন্নত করার বিষয়েও সভায় গুরুত্বারোপ করা হয়।
মাদক নিয়ন্ত্রণ ও উন্নয়ন কর্মসূচি:
মির্জা ফখরুল বলেন, সরকার সবচেয়ে বেশি জোর দিচ্ছে মাদক নিয়ন্ত্রণের ওপর। এ বিষয়ে পুলিশ প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ঠাকুরগাঁও পৌরসভার উন্নয়ন, কৃষি ক্ষেত্রে দ্রুত প্রকল্প বাস্তবায়ন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। নারীদের উন্নয়নের জন্য গৃহীত কর্মসূচি নিয়েও সভায় আলোচনা হয়েছে বলে তিনি জানান।
প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড কর্মসূচি:
সরকারের জনকল্যাণমূলক কাজের কথা উল্লেখ করে তিনি বলেন, "ফ্যামিলি কার্ড প্রধানমন্ত্রীর একটি বড় কর্মসূচি। আমরা এটি অবিলম্বে বাস্তবায়নের জন্য কাজ করছি। ঠাকুরগাঁও রহিমানপুর ইউনিয়নের একটি ওয়ার্ডে ইতোমধ্যে এর কাজ শুরু হয়েছে।"
মতবিনিময় সভায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।


