নিখোঁজের ২ দিন পর ব্রহ্মপুত্র নদ থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

ময়মনসিংহের নগরের গোদারাঘাট পাওয়ার স্টেশন সংলগ্ন ব্রহ্মপুত্র নদ থেকে নিখোঁজের দুই দিন পর নূর নবী পাটোয়ারী (৭০) নামের এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Aug 1, 2026 - 21:58
 0  3
নিখোঁজের ২ দিন পর ব্রহ্মপুত্র নদ থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
×

নিখোঁজ হওয়ার দুই দিন পর ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদ থেকে নূর নবী পাটোয়ারী (৭০) নামের এক বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

​আজ শনিবার (১ আগস্ট ২০২৬) বিকেল ৪টার দিকে ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ গোদারাঘাট পাওয়ার স্টেশন সংলগ্ন ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

​নিহত নূর নবী পাটোয়ারী জেলার তারাকান্দা উপজেলার কুণ্ডল বালিয়া গ্রামের বাসিন্দা। তাঁর এক ছেলে মো. মকবুল হোসেন বাংলাদেশ পুলিশের কিশোরগঞ্জ জেলা বিশেষ শাখায় (ডিএসবি) কর্মরত এবং অপর ছেলে রাকিবুল ইসলাম ময়মনসিংহ নগরীর বাইপাস এলাকার একটি মসজিদের ইমাম।

​পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৩০ জুলাই) পুলিশ সদস্য ছেলে মকবুল হোসেন তাঁর মানসিক ভারসাম্যহীন বাবাকে নিয়ে কিশোরগঞ্জ থেকে নিজ গ্রামের বাড়ি তারাকান্দার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে ময়মনসিংহের পাটগুদাম ব্রিজ মোড় এলাকায় বাস থেকে নামেন তারা। সেখানে বাবাকে এক স্থানে দাঁড় করিয়ে রেখে সিএনজি চালিত অটোরিকশা খুঁজতে যান মকবুল। কিন্তু কিছুক্ষণ পর সিএনজি নিয়ে ফিরে এসে দেখেন তাঁর বাবা সেখানে নেই।

​মানসিক ভারসাম্যহীনতার কারণে বৃদ্ধ নূর নবী নিজের নাম-ঠিকানা ঠিকমতো বলতে পারতেন না। দীর্ঘ সময় সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও বাবার সন্ধান না পেয়ে কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন ছেলে মকবুল। জিডির দুই দিন পর আজ শনিবার বিকেলে গোদারাঘাট এলাকায় নদের পানিতে তাঁর ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পরিবারের বক্তব্য ও পুলিশের আইনি প্রক্রিয়া

​নিহতের আরেক ছেলে ইমাম রাকিবুল ইসলাম বলেন, “আমার বাবা দীর্ঘদিন ধরেই গুরুতর অসুস্থ ও মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুর পেছনে আমাদের কারো কোনো সন্দেহ বা অভিযোগ নেই। আমরা কোনো মামলা-মোকদ্দমায় জড়াতে চাই না। বিনা ময়নাতদন্তে বাবার মরদেহ দাফনের জন্য থানায় লিখিত আবেদন জানিয়েছি।”

​ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “নিখোঁজের পর নিহতের পরিবারের পক্ষ থেকে কোতোয়ালি থানায় একটি জিডি করা হয়েছিল। আজ ব্রহ্মপুত্র নদ থেকে উনার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের আবেদনের ভিত্তিতে পরবর্তী আইনগত আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।”