আল্লামা গহরপুরীকে নিয়ে মন্তব্য: সমালোচনার মুখে এমপি এম এ মালেকের দুঃখ প্রকাশ

বরেণ্য বুজুর্গ আল্লামা নূরউদ্দীন আহমদ গহরপুরী (রহ.)-কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে আলটিমেটামের মুখে দুঃখ প্রকাশ করেছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালেক।

Jun 9, 2026 - 10:34
 0  5
আল্লামা গহরপুরীকে নিয়ে মন্তব্য: সমালোচনার মুখে এমপি এম এ মালেকের দুঃখ প্রকাশ
×

বরেণ্য বুজুর্গ আল্লামা নূরউদ্দীন আহমদ গহরপুরী (রহ.)-কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে তীব্র সমালোচনার মুখে পড়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালেক। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি এই দুঃখ প্রকাশ করেন এবং নিজের অবস্থান স্পষ্ট করেন।

​সোমবার (৮ জুন) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমপি আব্দুল মালেক বলেন, সম্প্রতি তাঁর একটি বক্তব্যকে কেন্দ্র করে মরহুম আল্লামা গহরপুরী (রহ.)-এর প্রতি অসম্মান প্রদর্শনের অভিযোগ উঠেছে। তবে মরহুমের মর্যাদা ক্ষুণ্ন হয়—এমন কোনো মন্তব্য করা তাঁর উদ্দেশ্য ছিল না।

আল্লামা গহরপুরীর প্রতি শ্রদ্ধা ও পারিবারিকভাবে সুসম্পর্কের দাবি

​ফেসবুক স্ট্যাটাসে এমপি আব্দুল মালেক দাবি করেন, আল্লামা গহরপুরী (রহ.) তাঁর পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন এবং তাঁর সঙ্গে পবিত্র হজ পালনের সৌভাগ্যও হয়েছিল। মরহুম আলেমের জ্ঞান, প্রজ্ঞা, ধর্মীয় অবদান ও ব্যক্তিত্বের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা অতীতেও ছিল এবং এখনও রয়েছে। এমনকি নির্বাচনের আগেও তিনি একাধিকবার মরহুমের কবর জিয়ারত করে দোয়া করেছেন।

​তিনি আরও উল্লেখ করেন, গহরপুরী পরিবারের সদস্য ও রাজনৈতিক ব্যক্তিত্ব মাওলানা মোসলেহ উদ্দীন রাজু তাঁর আত্মীয় এবং তাঁদের মধ্যে দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। এই বিষয়ে সর্বশেষও তাঁদের মধ্যে টেলিফোনে কথা হয়েছে।

এমপি এম এ মালেক তাঁর স্ট্যাটাসে বলেন:

"মরহুম গহরপুরী হুজুর (রহ.) জীবদ্দশায় বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ পোষণ করলেও তিনি বর্তমানে একজন মরহুম আলেম হিসেবে সর্বদা আমার শ্রদ্ধা ও সম্মানের পাত্র। আমার বক্তব্যের কারণে যদি গহরপুরী হুজুরের পরিবার, অনুসারী বা শুভাকাঙ্ক্ষীদের মনে কষ্টের সৃষ্টি হয়ে থাকে, তাহলে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।"

​তিনি সবাইকে তাঁর বক্তব্যের প্রকৃত উদ্দেশ্য অনুধাবনের আহ্বান জানান এবং এই বিবৃতির মাধ্যমে সব ভুল বোঝাবুঝির অবসান হবে বলে আশা প্রকাশ করেন। স্ট্যাটাসের শেষাংশে সিলেট-৩ আসনের জনগণের উদ্দেশে তিনি বলেন, দল-মত নির্বিশেষে সকলের প্রতিনিধি হিসেবে তিনি এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে চান।

পটভূমি ও ৭২ ঘণ্টার আলটিমেটাম

​উল্লেখ্য, সম্প্রতি আল্লামা নূরউদ্দীন আহমদ গহরপুরী (রহ.)-কে নিয়ে এমপি এম এ মালেকের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা আলেম সমাজ ও স্থানীয় তাওহিদী জনতার মধ্যে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার জন্ম দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও তাঁকে ক্ষমা প্রার্থনার আহ্বান জানিয়ে আলেমদের পক্ষ থেকে ৭২ ঘণ্টার একটি সময়সীমা বা আলটিমেটাম দেওয়া হয়েছিল। সেই আলটিমেটামের নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই ফেসবুক বার্তার মাধ্যমে আন্তরিক দুঃখ প্রকাশ করলেন এই সংসদ সদস্য।