কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারের পাশে এমপি মুফতি আবুল হাসান

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের পাঁচ প্রবাসীর পরিবারকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে খেলাফত মজলিস। অনুষ্ঠানে সিলেট-৫ আসনের এমপি মুফতি আবুল হাসান স্বচ্ছতার সাথে উন্নয়নের অঙ্গীকার করেন।

Jul 21, 2026 - 19:07
 0  4
কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারের পাশে এমপি মুফতি আবুল হাসান
×

মধ্যপ্রাচ্যের দেশ কাতারের শাহানিয়া এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ বাংলাদেশি প্রবাসীর পরিবারের পাশে দাঁড়িয়েছে খেলাফত মজলিস। মানবিক সহায়তার অংশ হিসেবে নিহতদের প্রতি পরিবারের হাতে ৫০ হাজার টাকা করে নগদ অর্থ তুলে দেওয়া হয়েছে।

​গতকাল সোমবার (২০ জুলাই ২০২৬) বিকেলে কানাইঘাট উপজেলার আলহাজ বশির আহমদ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে খেলাফত মজলিস কানাইঘাট উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য ও খেলাফত মজলিস নেতা মুফতি মোহাম্মদ আবুল হাসান।

নিহতের বাড়ি পরিদর্শন ও ঘর পুনর্নির্মাণের আশ্বাস:

অনুষ্ঠানের পূর্বে এমপি মুফতি আবুল হাসান সড়ক দুর্ঘটনায় নিহত জিবান আহমদের বাড়িতে যান এবং তাঁর জরাজীর্ণ বসতঘর দেখে গভীর সমবেদনা প্রকাশ করেন। পরিবারটির মাথা গোঁজার ঠাঁই হিসেবে দ্রুত একটি আধাপাকা ঘর নির্মাণে ব্যক্তিগত ও প্রশাসনিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

​পরবর্তীতে বিদ্যালয় মিলনায়তনের মূল অনুষ্ঠানে গত ২১ জুন কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসীদের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

আর্থিক সহায়তা প্রাপ্ত পরিবারসমূহ:

​কানাইঘাট উপজেলার জিবান আহমদ (৩৫)

​নিজ গাছবাড়ী গ্রামের আবদুল কাদির (৩০)

​মাঝতালুক গ্রামের মুস্তাক আহমেদ আফনান (২৭)

​মাঝতালুক গ্রামের জুবায়ের আহমদ (২৮)

​আগতালুক গ্রামের জসিম উদ্দিন (৩৮)

এতিম শিশুদের শিক্ষা ও সরকারের প্রতি আহ্বান:

প্রধান অতিথির বক্তব্যে এমপি মুফতি আবুল হাসান বলেন, “প্রবাসীরা অনেক স্বপ্ন নিয়ে বিদেশ পাড়ি জমিয়েছিলেন, কিন্তু লাশ হয়ে ফিরে এসেছেন। স্বজনহারা এই পরিবারগুলোর কষ্ট লাঘব করা আমাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। প্রবাসীদের মৃত্যুর পর সরকারি সহায়তা প্রক্রিয়াকরণে কিছু প্রশাসনিক জটিলতা থাকায় আমরা অবিলম্বে দলীয় উদ্যোগে এই সহায়তা প্রদান করেছি। পাশাপাশি নিহতদের এতিম সন্তানদের পড়ালেখা যেন বন্ধ না হয়, সে জন্য বই, খাতা, কলম ও যাতায়াত খরচসহ যাবতীয় ব্যবস্থা দলীয় ও প্রবাসী তহবিল থেকে করা হবে।”

উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতার অঙ্গীকার:

নিজের নির্বাচনী এলাকার উন্নয়ন প্রসঙ্গে সংসদ সদস্য জোর দিয়ে বলেন, “কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়নে সমতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। সরকারি বরাদ্দে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের কাজ বরদাশত করা হবে না। ইতিমধ্যে কানাইঘাট–বুরহানউদ্দিন সড়ক এবং শেওলা–জকিগঞ্জ সড়কের মেগা প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, যা আগামী আগস্ট মাস থেকে মাঠে কাজ শুরু হবে। এছাড়া সুরমা ও কুশিয়ারা নদীর ভাঙন রোধেও বড় প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।”

উপস্থিত নেতৃবৃন্দ ও দোয়া মাহফিল:

কানাইঘাট উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আমীমুল ইহসান শামীমের সভাপতিত্বে এবং দক্ষিণ বানীগ্রাম ইউনিয়নের সেক্রেটারি আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তাপস চক্রবর্তী তুষার, খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহসভাপতি মাওলানা মুখলিছুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, কাতার খেলাফত মজলিসের সভাপতি হাফিজ মাওলানা আব্দুল হাসিব চৌধুরী, ঝিংগাবাড়ী ইউপি চেয়ারম্যান মাস্টার আবু বকর, জামায়াতে ইসলামীর উপজেলা সহ-সেক্রেটারি মুখতার আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নিহতদের স্বজনেরা।

​অনুষ্ঠান শেষে কাতারে নিহত পাঁচ প্রবাসীর বিদেহী আত্মার মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর ধৈর্য ধারণের তৌফিক কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান।