আপনাদের মতো আমিও বিদ্যুৎহীন অবস্থায় আছি: এমপি হানজালা
দীর্ঘসময় বিদ্যুৎ না থাকায় শিবচরবাসীর কষ্টের সহমর্মিতা প্রকাশ করে মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমাদ হানজালা জানিয়েছেন, সাধারণ মানুষের মতো তিনিও বিদ্যুৎহীন পরিস্থিতিতে রয়েছেন।
সারাদেশে বিদ্যুতের অস্বাভাবিক ঘাটতি ও ঘন ঘন লোডশেডিং নিয়ে সাধারণ মানুষের মতো নিজেও চরম উদ্বিগ্ন ও চিন্তিত বলে জানিয়েছেন মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমাদ হানজালা। দীর্ঘসময় বিদ্যুৎ না থাকায় মানুষের ভোগান্তি অনুধাবন করে তিনি জানান, সাধারণ শিবচরবাসীর মতো তিনিও বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছেন।
গতকাল মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে এসব কথা বলেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমের সেই পোস্টে এমপি হানজালা লেখেন, “সারাদেশ থেকেই বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে একের পর এক অভিযোগ আসছে। দীর্ঘসময় ধরে বিদ্যুৎ না থাকায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে আমার প্রিয় শিবচরবাসীও একই যন্ত্রণাদায়ক সমস্যার ভেতর দিয়ে যাচ্ছেন। শিবচরবাসী, একটি কথা মনে রাখবেন—আমিও আপনাদেরই একজন। আপনাদের মতো আমিও বিদ্যুৎহীন অবস্থায় আছি এবং আপনাদের কষ্ট আমি হৃদয় থেকে অনুভব করছি।”
বিদ্যুৎ ঘাটতি নিরসনে সরকারি পদক্ষে প ও তাঁর টিমের তৎপরতার কথা তুলে ধরে তিনি আরও বলেন, “প্রতিনিয়ত সংশ্লিষ্ট পদস্থ কর্মকর্তাদের সঙ্গে আমাদের টিম যোগাযোগ রাখছে এবং পরিস্থিতির নিয়মিত খোঁজখবর নিচ্ছে। এটি শুধু শিবচরের একার সমস্যা নয়, বর্তমানে দেশের বিভিন্ন জায়গাতেই বিদ্যুতের তীব্র ঘাটতি দেখা দিয়েছে। সরকারও এই ঘাটতি সামাল দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে।”
'দ্রুত সংকটের সমাধান হবে'
সাধারণ মানুষের কষ্ট নিয়ে গভীর সহমর্মিতা প্রকাশ করে তিনি লেখেন, “মানুষের কষ্ট আমাদেরও গভীরভাবে কষ্ট দেয়। বাসাবাড়িতে শিশু, প্রবীণ ও অসুস্থ মানুষের বিদ্যুৎ ছাড়া চলা কতটা কঠিন, তা আমরা জানি। আমরা চাই দ্রুত এই সংকট কেটে যাক এবং মানুষ স্বস্তি ফিরে পাক। ইনশাআল্লাহ, সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টায় খুব দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে। আমি শিবচরবাসীর পাশে আছি এবং সব সময় পাশে থাকব।”


