না জানিয়েই সংবিধান সংশোধন কমিটিতে নাম, দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান এমপি অলিউল্লাহর
সংসদে গঠিত সংবিধান সংশোধন কমিটিতে তাঁর অন্তর্ভুক্তির বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ বা তাঁর সাথে কোনো আলোচনা করা হয়নি বলে জানিয়েছেন সংসদ সদস্য মাহমুদুল হোসাইন অলিউল্লাহ।
জাতীয় সংসদে সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত ১২ সদস্যবিশিষ্ট বিশেষ কমিটিতে অন্তর্ভুক্তির বিষয়ে তীব্র আপত্তি ও বিস্ময় প্রকাশ করেছেন সংসদ সদস্য মাহমুদুল হোসাইন অলিউল্লাহ। তাঁর কিংবা তাঁর দল ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে কোনো ধরনের আলোচনা না করেই এই কমিটিতে তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলে তিনি স্পষ্ট জানিয়েছেন।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) এক বিশেষ বিবৃতিতে সংসদ সদস্য মাহমুদুল হোসাইন অলিউল্লাহ দেশবাসীর উদ্দেশে নিজের অবস্থান পরিষ্কার করেন।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, গতকাল সংসদ অধিবেশনে দেশের সংবিধান সংশোধনের লক্ষ্যে ১২ সদস্যবিশিষ্ট একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। তবে একটি বিশেষ ও জরুরি কারণে তিনি রাত ৮টা ৩০ মিনিটের আগেই সংসদ ভবন থেকে বের হয়ে আসেন। তাঁর প্রস্থান করার পরবর্তী সময়ে সংসদে ওই কমিটি গঠন করা হয়।
যোগাযোগ ছাড়াই নাম অন্তর্ভুক্তি
এমপি অলিউল্লাহ আরও বলেন, "বিশেষভাবে উল্লেখ্য যে, এই কমিটি গঠনের বিষয়ে ব্যক্তিগতভাবে আমার কিংবা আমার প্রাণপ্রিয় সংগঠন ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’-এর শীর্ষ নেতৃত্বের সঙ্গে কোনো ধরনের পূর্ব আলোচনা বা আনুষ্ঠানিক যোগাযোগ করা হয়নি। তা সত্ত্বেও উক্ত কমিটিতে সদস্য হিসেবে আমার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, যা সম্পর্কে আমি বিন্দুমাত্র অবগত ছিলাম না।"
বিভ্রান্তি ছড়ানোর বিরুদ্ধে হুঁশিয়ারি
কমিটিতে নাম আসায় রাজনৈতিক অঙ্গনে তৈরি হওয়া জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তিনি বলেন, "এই অনাকাঙ্ক্ষিত বিষয়ের ওপর ভিত্তি করে কোনো ধরনের মন্তব্য বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর প্রচার-প্রপাগান্ডা থেকে বিরত থাকার জন্য আমি সবাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি।"
তিনি আরও জানান, এই বিষয়ে দলের অবস্থান এবং সার্বিক বিস্তারিত তথ্য পরবর্তীতে আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে দেশবাসীকে জানানো হবে।


