ভারতে হয়রানির মুখে মুসলিম হকাররা: আগ্রা থেকে আহমেদাবাদে ক্ষোভ

ভারতের বিভিন্ন রাজ্যে মুসলিম হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর পদ্ধতিগত হয়রানির অভিযোগ; আগ্রা ও আহমেদাবাদে ধর্মীয় পরিচয় শনাক্ত করে ব্যবসা বন্ধে বাধ্য করার ভিডিও ভাইরাল।

Apr 16, 2026 - 12:56
 0  4
ভারতে হয়রানির মুখে মুসলিম হকাররা: আগ্রা থেকে আহমেদাবাদে ক্ষোভ
×

ভারতে মুসলিম হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর পদ্ধতিগত হয়রানি ও হেনস্তার অভিযোগ দিন দিন বেড়েই চলেছে। আগ্রা থেকে আহমেদাবাদ—বিভিন্ন এলাকায় ধর্মীয় পরিচয় শনাক্ত করে ছোট ব্যবসায়ীদের বাধা দেওয়ার একাধিক ঘটনা সামনে এসেছে। বুধবার (১৫ এপ্রিল ২০২৬) ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও এবং প্রতিবেদনগুলোতে এই উদ্বেগের চিত্র ফুটে উঠেছে।

আগ্রা ও আহমেদাবাদের চিত্র

​প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরপ্রদেশের আগ্রাতে মুসলিম হকারদের পথরোধ করে তাদের নাম ও ধর্ম জিজ্ঞাসা করা হচ্ছে। নির্দিষ্ট কিছু এলাকায় তাদের প্রবেশে মৌখিকভাবে নিষেধাজ্ঞা জারি করছে উগ্রপন্থী কিছু গোষ্ঠী। অন্যদিকে, গুজরাটের আহমেদাবাদের বাপুনগর এলাকায় হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা এক মুসলিম খাদ্য বিক্রেতাকে এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য করেছে। তাদের দাবি, ওই নির্দিষ্ট এলাকায় শুধুমাত্র হিন্দুরাই ব্যবসা করতে পারবে।

নাম পরিবর্তনের চাপ ও পুলিশের ভূমিকা

​আগ্রা-আলিগড় হাইওয়েতে এক বৃদ্ধ মুসলিম চা বিক্রেতাকে হয়রানির একটি ভিডিও ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সেখানে দেখা যায়, একদল যুবক ওই বৃদ্ধকে তার দোকানের নাম পরিবর্তন করার জন্য চাপ দিচ্ছে এবং মানসিকভাবে হেনস্তা করছে। ভুক্তভোগীদের অভিযোগ, অনেক ক্ষেত্রে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তারা নীরব ভূমিকা পালন করছে অথবা কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। প্রশাসনের এই নির্লিপ্ততা হামলাকারীদের আরও উৎসাহিত করছে বলে মনে করছেন স্থানীয়রা।

বিশ্লেষকদের পর্যবেক্ষণ

​মানবাধিকার কর্মীরা বলছেন, সাধারণ হকার বা ক্ষুদ্র ব্যবসায়ীদের এভাবে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে লক্ষ্যবস্তু বানানো সরাসরি সংবিধান ও মৌলিক অধিকারের লঙ্ঘন। ক্ষুদ্র অর্থনীতির সাথে যুক্ত এই মানুষগুলো সামাজিক ও রাজনৈতিক মেরুকরণের শিকার হচ্ছেন। ভারতের অসাম্প্রদায়িক ভাবমূর্তির জন্য এই ধরণের ঘটনা বড় হুমকি হিসেবে দেখা দিচ্ছে।