গৌরবের মুক্তিযুদ্ধকে ভূলুণ্ঠিত করা আ. লীগকে পুনর্বাসন করা যাবে না: নাহিদ ইসলাম
ফরিদপুরে এনসিপির অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধের নামে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। জুলাই সনদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তিনি কঠোর হুশিয়ারি দেন।
গৌরবের মুক্তিযুদ্ধকে ভূলুণ্ঠিত করা আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে আর রাজনৈতিকভাবে পুনর্বাসন করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, গুম, খু*ন ও অর্থ পাচারসহ সব অপরাধকে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নামে বৈধতা দিতে চেয়েছিল।
শনিবার (৭ মার্চ) ফরিদপুরের অম্বিকা মেমোরিয়াল হলে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির ফরিদপুর বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগকে পুনর্বাসনের বিরোধিতা:
নাহিদ ইসলাম বলেন, "মুক্তিযুদ্ধের নামে এবং ৭ মার্চের দোহাই দিয়ে আওয়ামী লীগকে পুনরায় মাঠে নামানোর একটি চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। আমাদের স্পষ্ট কথা, মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় গৌরবের অধ্যায়, কিন্তু আওয়ামী লীগ সেই গৌরবকে ভূলুণ্ঠিত করেছে। হত্যা ও নির্যাতনের রাজনীতি চালানো এই দলকে শেখ মুজিবুর রহমান বা ৭ মার্চের নামে আর পুনর্বাসন করা যাবে না।"
জুলাই সনদের বাস্তবায়ন ও হুশিয়ারি:
সরকার জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার সঙ্গে বেঈমানি করছে বলে অভিযোগ তুলে এনসিপি আহ্বায়ক বলেন, "জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা দুটি শপথ নিয়েছি। কিন্তু সরকারি দল একটি শপথ নিয়ে জুলাই সনদের সঙ্গে প্রথম বেঈমানি করেছে।"
তিনি আরও দাবি জানান, আগামী ১২ তারিখের অধিবেশনের আগেই সংস্কার পরিষদের শপথ সম্পন্ন করতে হবে। একই সঙ্গে প্রথম অধিবেশনেই ফ্যাসিবাদী রাষ্ট্রপতিকে অপসারণ করার জোর দাবি জানান তিনি। অন্যথায় তাদের 'এগারো দল' রাজপথে নামতে বাধ্য হবে বলে হুশিয়ারি দেন নাহিদ ইসলাম।
উপস্থিত নেতৃবৃন্দ:
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্যসচিব ও ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম এবং জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক জাহিদ আহসানসহ এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।


