নাসিরুদ্দীন পাটোয়ারীর বিরুদ্ধে মা*মলা
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ‘গডফাদার’ বলায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মানহানি ও ভয়ভীতি দেখানোর মামলার আবেদন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শন এবং মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। রোববার (৮ মার্চ) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এই আবেদনটি জমা দেওয়া হয়।
মামলার বিবরণ:
রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম বাদী হয়ে এই মামলার আবেদন করেন। বাদীপক্ষের আইনজীবী মো. আমিরুল ইসলাম আমির বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সকাল ১১টার দিকে আদালতের বিচারক এই আবেদনের ওপর শুনানি গ্রহণ করবেন।
আবেদনে উল্লেখ করা হয়, গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মির্জা আব্বাসের কাছে বিপুল ভোটে পরাজিত হন নাসীরুদ্দীন পাটওয়ারী। এরপর থেকেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন পোর্টালে মির্জা আব্বাসের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন। সর্বশেষ গত ৫ মার্চ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে নাসীরুদ্দীন পাটওয়ারীর একটি বক্তব্য প্রকাশিত হয়, যেখানে তিনি মির্জা আব্বাসকে 'বাংলাদেশ ক্রিমিনাল র্যাংকিংয়ে নাম্বার ওয়ান গডফাদার' বলে অভিহিত করেন।
অভিযোগের ভিত্তি:
বাদী তার অভিযোগে বলেন, এ ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য ফেসবুক ও ইউটিউবে ভাইরাল হওয়ায় মির্জা আব্বাসের দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার ও সামাজিক সম্মান মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। এটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত, বানোয়াট এবং শিষ্টাচারবহির্ভূত কাজ। আসামির এসব বক্তব্যে মির্জা আব্বাস ও তার সমর্থকরা বিস্মিত ও মর্মাহত হয়েছেন।
অভিযোগে আরও বলা হয়, পরাজিত হওয়ার পর থেকে নাসীরুদ্দীন পাটওয়ারী একের পর এক মানহানিকর বক্তব্য দিয়ে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যা দণ্ডনীয় অপরাধ।


