জুলাই পদযাত্রায় ১৪-১৫ জুলাই বগুড়ায় আসছেন নাহিদ ইসলাম ও সারজিস আলম

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা পুনরুজ্জীবিত করতে ১৪ ও ১৫ জুলাই বগুড়ায় দুই দিনের পদযাত্রা ও পথসভার আয়োজন করেছে এনসিপি। কর্মসূচিতে অংশ নেবেন কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা।

Jul 13, 2026 - 00:16
 0  8
জুলাই পদযাত্রায় ১৪-১৫ জুলাই বগুড়ায় আসছেন নাহিদ ইসলাম ও সারজিস আলম
×

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা পুনরুজ্জীবিত করা এবং সেই চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে দেশব্যাপী শুরু হচ্ছে ‘জুলাই পদযাত্রা’। এরই অংশ হিসেবে আগামী ১৪ ও ১৫ জুলাই বগুড়ায় দুই দিনের পদযাত্রা ও পথসভার আয়োজন করেছে জেলা এনসিপি। কর্মসূচিতে অংশ নিতে দলের কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা বগুড়ায় আসবেন।

রোববার (১২ জুলাই) দুপুরে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন জেলা এনসিপির আহ্বায়ক এমএসএ মাহমুদ।

লিখিত বক্তব্যে তিনি জানান, ১৪ জুলাই বিকেল ৩টায় দুপচাঁচিয়া পৌরসভার সিও অফিস এলাকায় পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হবে। এরপর সন্ধ্যা ৭টায় বগুড়া শহরের কালিতলা হাট এলাকা থেকে কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে মূল পদযাত্রা শুরু হবে।
পদযাত্রাটি দত্তবাড়ী, বড়গোলা, থানামোড়, কাঁঠালতলা, নবাববাড়ী রোড, রানার প্লাজা, জলেশ্বরীতলা ও ইয়াকুবিয়া স্কুল মোড় অতিক্রম করে সাতমাথার জুলাই স্মৃতিস্তম্ভে গিয়ে পথসভার মাধ্যমে শেষ হবে।
এমএসএ মাহমুদ আরও জানান, বগুড়ায় রাত্রিযাপনের পর ১৫ জুলাই বিকেল ৩টায় মোকামতলা এলাকায় দ্বিতীয় দিনের পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কর্মসূচিতে প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ ও গাজী সালাহউদ্দীন তানভীর, যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সাকিব মাহদী, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী) ইমরান ইমন, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল এবং জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সদস্য এ এম জেড শাহরিয়ার জুহিনসহ দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে জেলা এনসিপির নেতারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া, শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো এবং জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচি সফল করতে বগুড়ার সর্বস্তরের জনগণের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেন তারা।