ট্রাম্পের ‘শিগগিরই যুদ্ধ শেষ হবে’ ঘোষণার পর তেলের দাম কমল প্রায় ৯ শতাংশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শিগগিরই যুদ্ধ শেষ হবে’ এমন ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রায় ৯ শতাংশ হ্রাস পেয়েছে। ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই উভয়েরই দাম কমেছে।

Mar 10, 2026 - 10:42
 0  39
ট্রাম্পের ‘শিগগিরই যুদ্ধ শেষ হবে’ ঘোষণার পর তেলের দাম কমল প্রায় ৯ শতাংশ
×

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শিগগিরই ইরান যুদ্ধ শেষ হবে’— এমন আশ্বাসের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। গত কয়েক দিনের লাগামহীন ঊর্ধ্বগতির পর মঙ্গলবার (১০ মার্চ, ২০২৬) তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ৮.৫ থেকে ৯ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে।

​ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার দিনের শুরু থেকেই অপরিশোধিত তেলের প্রধান দুই ব্র্যান্ড ব্রেন্ট ক্রুড ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)— উভয়েরই দাম কমতে শুরু করে। আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বর্তমানে ৯২.৫০ ডলারে বিক্রি হচ্ছে, যা সোমবারের তুলনায় ৮.৫ শতাংশ কম। অন্যদিকে, ডব্লিউটিআই প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে ৮৮.৬০ ডলারে, যা আগের দিনের তুলনায় প্রায় ৯ শতাংশ কম।

​উল্লেখ্য, ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে নিরাপত্তা সংকটের কারণে গত কয়েক দিন ধরেই তেলের বাজার অস্থির ছিল। গত রোববার (৮ মার্চ) তেলের দাম গত চার বছরের রেকর্ড ভেঙে ফেলেছিল। সেদিন ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই উভয়ের দামই ব্যারেলপ্রতি ১০৮ ডলার ছাড়িয়ে গিয়েছিল। শনিবারের তুলনায় একদিনেই দাম বেড়েছিল প্রায় ১৮ থেকে ২০ শতাংশ।

​সোমবারও তেলের দামের এই উল্লম্ফন অব্যাহত থাকলেও ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য বাজার পরিস্থিতিতে পরিবর্তন আনে। ট্রাম্প ঘোষণা করেন যে, এই যুদ্ধ খুব দ্রুতই শেষ হতে যাচ্ছে। তার এই ইতিবাচক বার্তার পরই বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফেরে এবং তেলের দাম কমতে শুরু করে।

​তবে বাজার বিশ্লেষকরা সতর্ক করে জানিয়েছেন, দাম কমলেও তেলের বাজার এখনও বেশ চড়া। বিবিসির তথ্যমতে, যুদ্ধ শুরু হওয়ার আগের স্বাভাবিক সময়ের তুলনায় বর্তমান বাজারদর এখনও প্রায় ৩০ শতাংশ বেশি। সংঘাতের চূড়ান্ত অবসান না হওয়া পর্যন্ত বাজারে এই অস্থিরতা বজায় থাকার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

​সূত্র: বিবিসি।