শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই বাতাসে ভেঙে পড়ল প্যান্ডেল
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী তারেক রহমানের ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানস্থলে পৌঁছানোর আগেই আকস্মিক বাতাসে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে উপকারভোগীদের বসার প্যান্ডেল। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান এসে পৌঁছানোর আগেই আকস্মিক ঝড়ো বাতাসে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে সাধারণ উপকারভোগী ও অতিথিদের বসার জন্য তৈরি করা বিশাল প্যান্ডেল। তবে প্যান্ডেল ভেঙে পড়লেও অল্পের জন্য বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং প্রধানমন্ত্রীর মূল মঞ্চটি সম্পূর্ণ অক্ষত রয়েছে বলে জানা গেছে।
আজ বুধবার (১৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সরকারের বিশেষ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ অনুষ্ঠানস্থলে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে অনুষ্ঠানস্থলে অতিথিরা আসন গ্রহণ করতে শুরু করেন। এ সময় আকস্মিক তীব্র বাতাস শুরু হলে ফ্যামিলি কার্ড নিতে আসা সাধারণ উপকারভোগী ও আমন্ত্রিত অতিথিদের বসার জন্য নির্মিত প্যান্ডেলটি ভেঙে পড়তে থাকে। প্যান্ডেল ভাঙার শব্দে ভেতরে থাকা সাধারণ মানুষ ও অতিথিদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সবাই নিরাপদ আশ্রয়ের খোঁজে চারদিকে ছোটাছুটি শুরু করেন। স্থানীয় প্রশাসন ও দলীয় কর্মীদের তৎপরতায় দ্রুত সবাইকে সরিয়ে নেওয়ায় কেউ গুরুতর আহত হননি।
দুর্ঘটনার পরপরই মাঠে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ডেকোরেটরের কর্মীরা দ্রুত ভেঙে পড়া প্যান্ডেলের কাপড় ও বাঁশ সরিয়ে ফেলেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তাজনিত কারণে মাঠের ভাঙা প্যান্ডেলটি পুরোপুরি খুলে ফেলা হয় এবং খোলা আকাশেই পুনরায় চেয়ার সারিবদ্ধভাবে বসিয়ে উপকারভোগীদের বসার বিকল্প ব্যবস্থা করা হয়।
প্রধানমন্ত্রীর সফরসূচি:
এর আগে, আজ সকাল ১০টা ১৭ মিনিটের দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান বিমানযোগে সিলেটে এসে পৌঁছান। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর তিনি সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দেন।
পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী, দুপুর ১টায় শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এবং পরবর্তীতে দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সরকারের ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ সংক্রান্ত পৃথক দুটি জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন প্রধানমন্ত্রী। প্যান্ডেল ভেঙে পড়লেও প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলের মূল অনুষ্ঠান যথাসময়েই অনুষ্ঠিত হবে বলে জেলা প্রশাসন নিশ্চিত করেছে।


