সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য আসন আরও বাড়ল

জাতীয় সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত আসন ৫০ থেকে বাড়িয়ে ১৫০ করা হয়েছে; ভবিষ্যৎ প্রজন্মকে সংসদীয় রীতির সঙ্গে পরিচিত করতে স্পিকারের বিশেষ অনুমোদন।

Apr 10, 2026 - 17:00
 0  7
সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য আসন আরও বাড়ল
×

জাতীয় সংসদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণের জন্য শিক্ষার্থীদের সুযোগ আরও বৃদ্ধি করা হয়েছে। দর্শনার্থী গ্যালারিতে অনূর্ধ্ব-১২ শিক্ষার্থীদের জন্য বর্তমানে সংরক্ষিত ৫০টি আসনের সাথে আরও ১০০টি নতুন আসন যুক্ত করার আবেদন মঞ্জুর করেছেন স্পিকার। শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) শিক্ষা মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রীর উদ্যোগ ও স্পিকারের অনুমোদন

​শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ১০০ আসন বরাদ্দ দেওয়ার অনুরোধ জানিয়ে স্পিকারের কাছে আনুষ্ঠানিক চিঠি দেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম শিক্ষার্থীদের ঝোঁক এবং সংসদীয় গণতান্ত্রিক চর্চায় তাঁদের সম্পৃক্ত করার গুরুত্ব বিবেচনা করে তাৎক্ষণিকভাবে এই আবেদন মঞ্জুর করেন। এর ফলে এখন থেকে প্রতি অধিবেশনে ১৫০ জন শিক্ষার্থী সংসদের কার্যক্রম সরাসরি দেখার সুযোগ পাবে।

জেন-জি ও রাষ্ট্র সচেতনতা

​উদ্যোগটি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষার্থীদের নিয়ে নৌবিহারে যেতেন যেন তারা রাষ্ট্রের সম্পদ ও সম্ভাবনা সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করতে পারে। শিক্ষামন্ত্রী হিসেবে আমিও চাই বর্তমানের ‘জেন-জি’ বা নতুন প্রজন্ম রাষ্ট্র সম্পর্কে জানুক এবং রাজনীতি নিয়ে সচেতন হোক। সংসদীয় রীতিনীতি সরাসরি দেখলে তাদের মধ্যে দেশপ্রেম ও নেতৃত্বগুণ বিকশিত হবে।”

সংসদ সচিবালয়ের প্রস্তুতি

​জাতীয় সংসদের সচিব মো. গোলাম সারওয়ার ভূঁইয়া এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “শিক্ষার্থীরা সংসদে এলে অধিবেশন শুরুর আগে তাদের সংসদ ভবন নিয়ে বিস্তারিত ব্রিফিং দেওয়া হবে। এতে তারা লুই আই কানের বিশ্বখ্যাত স্থাপত্যশৈলী, বাংলাদেশের সংসদের ইতিহাস ও গৌরবোজ্জ্বল ঐতিহ্য সম্পর্কে বাস্তব শিক্ষা লাভ করতে পারবে।”

ভবিষ্যৎ প্রভাব

​শিক্ষা মন্ত্রণালয় মনে করে, এই সিদ্ধান্তের ফলে তৃণমূল পর্যায় থেকে আসা মেধাবী শিক্ষার্থীরা রাষ্ট্রের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের কার্যক্রম দেখার সুযোগ পাবে। এটি ভবিষ্যতে দক্ষ ও সচেতন নেতৃত্ব তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবে। ইতিমধ্যে আসন বৃদ্ধির কাজ শুরু হয়েছে এবং আগামী সপ্তাহ থেকেই বর্ধিত আসনে শিক্ষার্থীদের প্রবেশের অনুমতি দেওয়া হবে।