সরকার জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে: চরমোনাই পীর

জুলাই-পরবর্তী সময়ে দেশের দায়িত্বে আসীন সরকার জনগণের প্রত্যাশা ও পালস বুঝতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাই।

Jul 24, 2026 - 16:22
Jul 24, 2026 - 16:23
 0  3
সরকার জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে:  চরমোনাই পীর
×

জুলাই-পরবর্তী সময়ে দেশবাসী যাদের হাতে রাষ্ট্রের দায়িত্ব অর্পণ করেছে, তারা জনগণের আশা-আকাঙ্ক্ষা ও দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতে পারছে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

​তিনি অভিযোগ করে বলেন, “জুলাই সনদ বাস্তবায়নে বিদ্যমান সরকারের দীর্ঘসূত্রিতা ও অনীহাই প্রমাণ করে যে, তারা আমজনতার আসল ‘পালস’ বা মনের ভাষা বুঝতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।”

​আজ শুক্রবার (২৪ জুলাই ২০২৬) দুপুরে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

​‘ইসলামের নামে ধোঁকাবাজি মেনে নেওয়া যায় না’

​পীর সাহেব চরমোনাই তাঁর বক্তব্যে নীতি ও আদর্শের ওপর জোর দিয়ে বলেন, “সঠিক নেতৃত্ব ও খাঁটি নীতি ছাড়া কোনো জাতির প্রকৃত মুক্তি আসতে পারে না। দেশে দুর্নীতি, চাঁদাবাজি ও সামাজিক অনাচার নির্মূলে ইসলামের সুনির্দিষ্ট আদর্শের কোনো বিকল্প নেই।”

​তিনি আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “কালো রঙের মানুষের নাম ‘সাদা মিয়া’ রাখলেই যেমন সে ফর্সা হয়ে যায় না, ঠিক তেমনি ইসলামের নাম ভাঙিয়ে নীতিহীনতা, উচ্ছৃঙ্খলতা ও ধোঁকাবাজি করলে তা ইসলাম হয় না। বরং ধর্মের নামে অধর্মের চর্চা করা হলে মহান ইসলাম ধর্মই কলঙ্কিত হয়।”

সংসদের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা

​সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, “সরকারদলীয় হুইপের মুখে ‘চাঁদাবাজি নির্মূল করা যাবে না’—এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য অত্যন্ত হতাশাজনক। ১ কোটি বেকারের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও বাস্তবে শিল্পকারখানা বন্ধ হয়ে মানুষ চাকরি হারাচ্ছে।”

​জাতীয় সংসদ ও বিরোধী দলের ভূমিকা তুলে ধরে তিনি দাবি করেন, “বর্তমানে সংসদে কার্যকর ও সোচ্চার কোনো বিরোধী দল নেই। জামায়াত জোটের এমপিরা সরকারের তল্পিবাহকে পরিণত হয়ে নামমাত্র বিরোধিতার নাটক করছেন। জুলাই সনদ বাস্তবায়নে সংসদ ব্যর্থ হলেও ইসলামী আন্দোলন রাজপথের প্রকৃত বিরোধী দল হিসেবে জনগণের অধিকার আদায়ে লড়াই চালিয়ে যাবে।”

সংগঠন ও তরুণদের ভূমিকা

​সমাবেশে সভাপতির বক্তব্যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী আলহাজ আতিকুর রহমান মুজাহিদ বলেন, দেশপ্রেমিক যুবশক্তি তৈরি করতে তাঁদের সংগঠন কাজ করে যাচ্ছে। বর্তমানে সারাদেশে বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ এবং বেকার যুবকদের কারিগরি ও আইটি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তরের কাজ চলমান রয়েছে।

​ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা অলিউল্লাহ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, কেন্দ্রীয় ও মহানগরের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: আশিকুর রহমান রাহাত