মদ-সিগারেটের দাম বাড়ানো বিরোধী দলের পছন্দ নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান
কক্সবাজারে জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাজেটে ৬০টি পণ্যের কর কমানো হলেও বিরোধী দল শুধু মদ-সিগারেটের দাম বৃদ্ধি নিয়ে সমালোচনা করছে।
প্রস্তাবিত বাজেটে মদ ও সিগারেটের মতো জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্যের দাম বাড়ানো বিরোধী দলের পছন্দ নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ধরনের অবস্থানের কারণে বিরোধী দলের আসল রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে গভীর প্রশ্ন তোলেন তিনি।
আজ শনিবার (১৩ জুন) সকালে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘পাতলী–মাছুয়াখালী খাল’ পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত পথসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, "এবারের বাজেটে জনগণের স্বার্থে নিত্যপ্রয়োজনীয় ৬০টি পণ্যের ওপর থেকে কর কমানো কিংবা প্রত্যাহার করা হয়েছে। যার ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। সাধারণত প্রতিবার বাজেটের পর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও এবার কর প্রত্যাহারের কারণে তা বাড়েনি।"
তিনি বিরোধী দলের তীব্র সমালোচনা করে বলেন, যে বাজেটে সাধারণ জনগণের সরাসরি উপকার করা হয়েছে এবং মদ ও সিগারেটের ওপর কর বাড়ানো হয়েছে, সেই বাজেট নিয়েও বিরোধী দল ঢালাও সমালোচনা করছে। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে সাধারণ জনগণকে বিভ্রান্ত করা এবং দেশে একটি রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করা।
উন্নয়ন প্রকল্পের বিবরণ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, "প্রায় ৫০ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই ঐতিহাসিক পাতলী খালটি খনন করেছিলেন। সেই ধারাবাহিকতায় এবার দীর্ঘ বছর পর খালটি পুনরায় খননের মাধ্যমে এই বিশেষ প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এর ফলে অত্র এলাকার প্রায় ৪০ হাজার মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হবেন। একই সাথে প্রায় ১২০০ হেক্টর জমিতে নতুন করে চাষাবাদ বাড়বে এবং সাড়ে ৮ হাজার প্রান্তিক কৃষক সরাসরি সেচ সুবিধা পাবেন।"
কৃষিখাতে সরকারের বিশেষ পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি জানান, কৃষকদের সার্বিক সহযোগিতার জন্য এবারের বাজেটে বিশেষ আর্থিক বরাদ্দ রাখা হয়েছে। আগামী এক বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ৮ থেকে ১০ হাজার প্রকৃত কৃষকের কাছে সরকারি ‘কৃষক কার্ড’ পৌঁছে দেওয়া সম্ভব হবে।
প্রধানমন্ত্রী দৃঢ়তার সাথে বলেন, দেশের টেকসই উন্নয়ন ও সাধারণ জনগণের ভাগ্য পরিবর্তনে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যারা অতীতে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে, জনগণ তাদের চিরতরে প্রত্যাখ্যান করেছে এবং উন্নয়নের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


