আজ জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবার।

Feb 28, 2026 - 09:37
 0  5
আজ জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী
×

বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে আজ অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র) এই মাহফিল অনুষ্ঠিত হবে।

​প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ বিষয়টি নিশ্চিত করেছেন। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে বিকেলে তিনি জামায়াতের এই ইফতার অনুষ্ঠানে যোগ দেবেন।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে ইফতার মাহফিলের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পৌঁছে দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। ওই সাক্ষাৎকালেই প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেন।

এদিকে জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান টেলিফোনে আলাপকালে প্রধানমন্ত্রীকে সপরিবারে ইফতার মাহফিলে অংশ নেওয়ার বিশেষ অনুরোধ জানিয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানও এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে।