সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান ইসলামী আন্দোলনের

সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ। জনআকাঙ্ক্ষার পরিপন্থী কোনো কাজ বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নেতারা।

Feb 26, 2026 - 04:29
Feb 26, 2026 - 04:31
 0  5
সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান ইসলামী আন্দোলনের
×

সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধে বর্তমান সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে সংগঠনের নেতারা এই দাবি জানান।

​বিবৃতিটি প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ুম ও সেক্রেটারি হাজী আব্দুল আউয়াল মজুমদার।

জনআকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ার আহ্বান

​বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, “আগামীর বাংলাদেশ হবে জনআকাঙ্ক্ষার বাংলাদেশ। এর ব্যত্যয় ঘটলে জনগণ কিছুতেই তা মেনে নেবে না। যারা জনআকাঙ্ক্ষার বাংলাদেশে সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজি করতে চায়, তাদের কোনোভাবেই বরদাস্ত করা হবে না।”

সরকারের প্রতি হুঁশিয়ারি

​নতুন সরকারকে সতর্ক করে নেতারা বলেন, যদি সরকার চাঁদাবাজিকে কঠোর হস্তে দমন করতে ব্যর্থ হয়, তবে তা এই সরকারের জন্য সুখকর হবে না। দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা এখন সময়ের দাবি।

রমজানের পবিত্রতা রক্ষা

​আসন্ন পবিত্র রমজান মাস প্রসঙ্গে নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ করে রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে। সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে সিয়াম সাধনা করতে পারে এবং নিত্যপণ্যের বাজারে চাঁদাবাজির প্রভাব না পড়ে, সে বিষয়ে সরকারকে কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।