আহসান মনসুরকে সরিয়ে আর্থিক খাতে লুটপাটের পথ উন্মুক্ত করল বিএনপি: নাহিদ ইসলাম

সফল গভর্নর আহসান এইচ মনসুরকে অগণতান্ত্রিকভাবে অপসারণ করে বিতর্কিত ব্যবসায়ীকে নিয়োগ দেওয়ার তীব্র নিন্দা জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি একে লুটপাটের বন্দোবস্ত বলে অভিহিত করেছেন।

Feb 26, 2026 - 12:10
 0  44
আহসান মনসুরকে সরিয়ে আর্থিক খাতে লুটপাটের পথ উন্মুক্ত করল বিএনপি: নাহিদ ইসলাম
×

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদ থেকে আহসান এইচ মনসুরকে সরিয়ে দিয়ে বিএনপি সরকার আর্থিক খাতে পুনরায় লুটপাটের পথ উন্মুক্ত করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে দলের মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।

আহসান মনসুরের সংস্কার ও ‘সুবিধাভোগীদের’ ক্ষোভ

​নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের পর ধ্বংসপ্রাপ্ত ব্যাংকিং সেক্টরে শৃঙ্খলা ফেরাতে অন্তর্বর্তীকালীন সরকার দেশের অন্যতম শ্রেষ্ঠ অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে দায়িত্ব দিয়েছিল। তিনি পাচারকৃত অর্থ ফেরত আনা এবং আমদানি-রপ্তানির আড়ালে অর্থপাচার বন্ধে দৃঢ় পদক্ষেপ নিয়েছিলেন। তিনি বলেন:

​“বাংলাদেশ ব্যাংককে স্বায়ত্তশাসিত করার উদ্যোগ নেওয়ায় সরকারদলীয় ব্যবসায়ীদের নগ্ন হস্তক্ষেপ বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। এতে ক্ষিপ্ত হয়েই বিএনপি-আওয়ামী লীগের সুবিধাভোগী গোষ্ঠী তাঁকে সরানোর চক্রান্ত করেছে।”

কেন্দ্রীয় ব্যাংকে ‘মব’ ও শারীরিক হেনস্তা

​গভর্নরকে সরানোর প্রেক্ষাপট তুলে ধরে নাহিদ ইসলাম অভিযোগ করেন, নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই বিএনপি-আওয়ামী লীগপন্থী কর্মকর্তারা ব্যাংকে অস্থিতিশীলতা তৈরি করেন। তিনি বলেন, “গভর্নরের উপদেষ্টাকে শারীরিক হেনস্তা করে ব্যাংক থেকে বের করে দেওয়া হয়েছে। এই ন্যাক্কারজনক হামলার নেতৃত্ব দিয়েছেন নওশাদ মোস্তফা, সারোয়ার, মাসুম বিল্লাহ ও গোলাম মোস্তফা শ্রাবণের মতো কর্মকর্তারা, যারা আগে আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত ছিলেন এবং এখন ভোল পাল্টে বিএনপিপন্থী হয়েছেন।”

নতুন গভর্নর নিয়ে গুরুতর অভিযোগ

​সফল গভর্নরকে না জানিয়েই নতুন গভর্নর নিয়োগ দেওয়াকে ‘অপমানজনক’ ও ‘ফ্যাসিবাদী কায়দা’ হিসেবে অভিহিত করেন নাহিদ ইসলাম। নতুন গভর্নর সম্পর্কে তিনি চাঞ্চল্যকর তথ্য দিয়ে বলেন:

​“সরকার নজিরবিহীনভাবে একজন বিতর্কিত দলীয় ব্যবসায়ীকে গভর্নর নিয়োগ দিয়েছে, যিনি একজন সাবেক ঋণখেলাপি। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে তাঁর ৮৯ কোটি টাকার ওপর ঋণখেলাপি ছিল, যা বিশেষ বিবেচনায় পুনঃতপশিল করা হয়েছে। এমন ব্যক্তির হাতে দেশের আর্থিক খাত নিরাপদ থাকার সুযোগ নেই।”

এনসিপি’র উদ্বেগ ও দাবি

​নাহিদ ইসলাম আশঙ্কা প্রকাশ করেন যে, অভিজ্ঞ অর্থনীতিবিদ আহসান মনসুরকে সরিয়ে সুবিধাভোগী গোষ্ঠীর বিদেশে অর্থ পাচারের পথ আবারও সুগম করা হয়েছে। তিনি সরকারের এই অগণতান্ত্রিক পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে একজন সৎ, দক্ষ ও অভিজ্ঞ অর্থনীতিবিদের হাতে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব হস্তান্তরের দাবি জানান।