দুদকে ‘সাকিব ভক্তদের’ অভিযোগ: যা বললেন আসিফ মাহমুদ

দুদকে সাকিব আল হাসানের ভক্তদের অভিযোগ প্রসঙ্গে মুখ খুলেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, সাকিবের নৈতিক অধিকার নিয়ে নেওয়া যদি দুর্নীতি হয়, তবে তিনি শাস্তির জন্য প্রস্তুত।

Feb 28, 2026 - 02:24
 0  4
দুদকে ‘সাকিব ভক্তদের’ অভিযোগ: যা বললেন আসিফ মাহমুদ
×

দুর্নীতি দমন কমিশনে (দুদক) ‘মব’ সৃষ্টি করে তার বিরুদ্ধে অভিযোগ প্রদান প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর শ্যামপুরে স্থানীয় এনসিপি আয়োজিত এক ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

​গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন সাকিব আল হাসানের একদল ভক্ত। এ প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন:

​“দুদকে আমার নামে কিছু অভিযোগ গেছে। সাকিবের সমর্থকরা সেখানে মব সৃষ্টি করে অভিযোগ করেছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় সাকিব জনগণের বিপক্ষে ও শেখ হাসিনার পক্ষে অবস্থান নিয়েছিলেন। সেই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, বাংলাদেশের জার্সি পরে দেশের পতাকা বহন করার কোনো নৈতিক অধিকার তাঁর নেই। কাউকে খেলতে না দেওয়া যদি দুর্নীতি হয় এবং সেটার জন্য যদি আমার শাস্তি হয়, তাতে আমার কোনো সমস্যা নেই।”

​ইফতার মাহফিল শেষে এনসিপির নির্বাচনি সাফল্য ও সংসদ সদস্যদের ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করেন আসিফ। তিনি বলেন, “আমাদের যে ছয়জন এমপি নির্বাচিত হয়েছেন, আমি মনে করি তাঁরা সংসদে প্রাণচাঞ্চল্য নিয়ে আসবেন। এই ছয়জনের মাধ্যমেই বাংলাদেশের সাধারণ মানুষের কথা সংসদে পৌঁছাবে।”

​একটি নতুন রাজনৈতিক দল হিসেবে জনগণের অভূতপূর্ব সমর্থন ও ভালোবাসায় মুগ্ধ আসিফ মাহমুদ। তিনি আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থান থেকে শুরু করে দেশের মানুষ যেভাবে আমাদের স্নেহ ও ভোট দিয়েছে, আশা করি সেই সমর্থন অব্যাহত থাকবে। আমরা আগামী দিনেও জনগণের জন্যই কাজ করে যাব এবং জাতীয় নাগরিক পার্টি আরও ভালো করবে।”

​শ্যামপুরের এই অনুষ্ঠানে এনসিপির স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।