দেশকে অস্থিতিশীল করতে একটি অপশক্তি সক্রিয়: অধ্যক্ষ ইউনুছ আহমাদ

দেশকে অস্থিতিশীল করতে একটি পরাজিত অপশক্তি সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। এ বিষয়ে প্রশাসন ও নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

Jun 23, 2026 - 18:38
 0  3
দেশকে অস্থিতিশীল করতে একটি অপশক্তি সক্রিয়: অধ্যক্ষ ইউনুছ আহমাদ
×

দেশের চলমান পরিস্থিতিতে স্বাধীনতা ও সার্বভৌমত্ব নস্যাৎ করতে এবং দেশকে অস্থিতিশীল করতে একটি পরাজিত অপশক্তি গভীর চক্রান্ত ও অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। তিনি বলেন, “এই অপশক্তির চক্রান্ত দেশের সামগ্রিক নিরাপত্তার জন্য বড় হুমকি। এমতাবস্থায় দেশের প্রশাসনকে যেমন সজাগ থাকতে হবে, তেমনি সর্বস্তরের দেশপ্রেমিক নাগরিকদেরও সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে হবে।”

​মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২টায় রাজধানীর পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘চলমান পরিস্থিতিতে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বীর মুক্তিযোদ্ধাদের ভূমিকা’ শীর্ষক এই সভার আয়োজন করে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ বাংলাদেশ।

পুশইন ষড়যন্ত্র ও সীমান্ত পাহারার প্রশংসা:

​প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ইউনুছ আহমাদ দেশের স্বাধীনতা পরবর্তী নানা সংকট তুলে ধরে বলেন, “স্বাধীনতার অর্ধশতাব্দী পেরিয়ে গেলেও আমরা এখনো প্রকৃত স্বাধীনতার স্বাদ খুঁজে ফিরছি। আমাদের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্রের অবন্ধু সুলভ আচরণ আমাদের ক্রমাগত হতাশ করছে। সাম্প্রতিক কালে ‘পুশইন’-এর নামে আমাদের ওপর নতুন এক ষড়যন্ত্র চাপিয়ে দেওয়া হচ্ছে। এ নিয়ে রাষ্ট্রকে অবিলম্বে কূটনৈতিক ও সামরিকভাবে যথাযথ পদক্ষেপ নিতে হবে।”

​সীমান্তে পুশইন ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং সীমান্ত এলাকার সাধারণ ও সাহসী মানুষের রাত জেগে পাহারাদারি করার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন ইসলামী আন্দোলনের মহাসচিব। তিনি উল্লেখ করেন, এই ধরনের সাহসী সন্তানেরাই একাত্তরে দেশ স্বাধীন করেছিল এবং চব্বিশের গণ-আন্দোলনে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। আগামী দিনেও দেশের বিরুদ্ধে যেকোনো চক্রান্ত ও আগ্রাসন মোকাবিলায় দেশপ্রেমিক বীর সন্তানদের সদা জাগ্রত থাকার আহ্বান জানান তিনি।

আলোচনা সভার বিবরণ:

​ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা কেএম শরীয়াতুল্লাহ।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন—ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুল ওয়াদুদ এবং বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনসহ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় বীর মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ।