দেশ এগিয়ে নিতে হেফাজতে ইসলামকে পাশে চান প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে ইসলাম অবমাননারোধে আইন নির্মাণ, কওমি সনদের কার্যকর বাস্তবায়ন ও তাবলিগ সংক্রান্ত বিষয়সহ ৯ দফা দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
দেশকে সামনের দিকে এগিয়ে নিতে আলেম-ওলামাদের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে অরাজনৈতিক ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশকে পাশে চেয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়কালে হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নয় দফা দাবি তুলে ধরা হয়। এসব দাবির মধ্যে অন্যতম হলো— ইসলাম ও পবিত্র কুরআনের অবমাননা রোধে কঠোর আইন প্রণয়ন করা, কুরআন ও সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন না করা, বিভিন্ন আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার সম্পন্ন করা, কওমি মাদরাসার দাওরায়ে হাদিসের সানাদের স্বীকৃতি কার্যকর বাস্তবায়ন এবং শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় সংষ্কার আনা।
এ ছাড়া টঙ্গী বিশ্ব ইজতেমা ও তাবলিগ জামাতের যাবতীয় কার্যক্রম আলেম-ওলামাদের সরাসরি তত্ত্বাবধানে পরিচালনা করা, ভারতে বিতর্কিত ইসলামী বক্তা মাওলানা সাদ কান্ধলভীর বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা বহাল রাখা এবং টঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্থীদের কোনো ধরনের ইজতেমার অনুমতি না দেওয়ার দাবিও জানিয়েছে সংগঠনটি।
প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের এই উচ্চপর্যায়ের সাক্ষাৎ ও মতবিনিময়ে রাষ্ট্রীয় পরিচালনা ও ওলামায়ে কেরামের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক, যোগাযোগ ও সহযোগিতার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়।


