বগুড়ায় র‌্যাবের পৃথক অভিযানে ১৫০ বোতল মাদকসহ তিন নারী আটক

বগুড়ার সদর ও শাজাহানপুর উপজেলায় র‌্যাব-১২ এর পৃথক মাদকবিরোধী অভিযানে ১৫০ বোতল নেশাজাতীয় মাদক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিন নারীকে আটক করেছে র‌্যাব।

Jul 1, 2026 - 16:11
Jul 1, 2026 - 20:32
 0  5
বগুড়ায় র‌্যাবের পৃথক অভিযানে ১৫০ বোতল মাদকসহ তিন নারী আটক
×

বগুড়ার সদর ও শাজাহানপুর উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) পরিচালিত পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ১৫০ বোতল নেশাজাতীয় মাদক উদ্ধার এবং তিন নারীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বিকেল ও সন্ধ্যায় পরিচালিত এসব অভিযানে ৭০ বোতল ফেয়ারডিল এবং ৮০ বোতল ইস্কাফ উদ্ধার করা হয়। র‌্যাব-১২ সিপিএসসি, বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল ৫টার দিকে বগুড়া সদর উপজেলার পশ্চিম গোড়ারপাড়া এলাকায় নওগাঁ-বগুড়া চারমাথা সড়কে একটি মাদকবিরোধী চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে ৭০ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় লাইলী বেগম (৫০) ও মর্জিনা বেগম (৫০) নামে দুই নারীকে আটক করা হয়। তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন ও একটি সিম কার্ড জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।
অন্যদিকে একই দিন সন্ধ্যা ৭টা ১০ মিনিটে শাজাহানপুর উপজেলার সাজাপুর এলাকায় টিএমএস ফিলিং স্টেশনের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে আরেকটি চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় রংপুর থেকে ঢাকাগামী আহাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৮০ বোতল ইস্কাফ উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, ওই অভিযানে আনজুরা (৩৮) নামে এক নারীকে আটক করা হয়েছে। তিনি তার ৯ মাস বয়সী শিশু সন্তানকে সঙ্গে নিয়ে অভিনব কৌশলে মাদক পরিবহন করছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তার কাছ থেকেও একটি বাটন মোবাইল ফোন ও একটি সিম কার্ড জব্দ করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে তাদের যথাক্রমে বগুড়া সদর ও শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১২ জানিয়েছে, মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও মাদক কারবারিদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে।