'জামাত দলটার আগা থেকে গোড়া অমানুষে ভরা’- ফেসবুক পোস্টে রাশেদ খান

জামায়াতে ইসলামীর আমিরের বক্তব্যের তীব্র সমালোচনা করে দলটিকে ‘অমানুষের দল’ আখ্যা দিলেন বিএনপি নেতা ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান। বিস্তারিত জানুন।

May 16, 2026 - 23:53
May 16, 2026 - 23:54
 0  2
'জামাত দলটার আগা থেকে গোড়া অমানুষে ভরা’- ফেসবুক পোস্টে রাশেদ খান
×

রাজশাহীর সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের দেওয়া বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি নেতা ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান। জামায়াত আমিরের দেওয়া ‘বিএনপি এখন চাঁদাবাজ দল’ বক্তব্যের জবাবে রাশেদ খান দলটিকে ‘অমানুষের দল’ এবং ‘মিথ্যাচারী’ আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি বিস্ফোরক স্ট্যাটাস দিয়েছেন।

​শনিবার (১৬ মে) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই কড়া সমালোচনা করেন। পাঠকদের জন্য রাশেদ খানের ফেসবুক পোস্টটির বক্তব্য হুবহু তুলে ধরা হলো:

​‘জামায়াত একটা অমানুষের দল’:

ফেসবুক পোস্টে রাশেদ খান লেখেন, "আজকে জামায়াতের আমিরের বক্তব্য শুনে মনে হলো আমি গতকাল ঠিকই বলেছিলাম, জামায়াতে ইসলামী একটা অমানুষের দল! শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জামায়াতে ইসলামীকে রাজনীতিতে সুযোগ দিয়েছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাথে রেখে মানুষ করতে চেয়েছিলেন! কিন্তু এরা অমানুষই রয়ে গেছে!"

জামায়াত আমিরের মন্তব্যের তীব্র প্রতিবাদ:

রাজশাহীর সমাবেশে দেওয়া জামায়াত আমিরের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "এটার একটি প্রমাণ হলো, আজকে জামায়াতের আমির বললেন, 'আগে ছিলো জাতীয়তাবাদী দল, এখন হয়েছে চাঁদাবাজ দল! মাথা থেকে পায়ের পাতা সবাই চাঁদাবাজ!' আচ্ছা বলেন তো একটা দলের সবাই চাঁদাবাজ হতে পারে? সাদা দাড়ি রেখে আর মাথায় টুপি দিয়ে যারা মিথ্যা বলে, তাদেরকে আমি মানুষ নয়, অমানুষই মনে করি। এই দলটার আগা থেকে গোড়া, অমানুষে ভরা! একটা ইসলামি দল যদি এমন মিথ্যাচার করে ক্ষমতায় আসতে চায়, তবে তাদের জবাব ভালভাবে দেওয়ার সুযোগ নেই।"

চাঁদাবাজি সার্বজনীন সমস্যা, বৈষম্যবিরোধী নেতাদের দিকে ইঙ্গিত:

দুর্নীতি ও চাঁদাবাজির বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে রাশেদ খান তাঁর পোস্টে আরও উল্লেখ করেন, "দুর্নীতি, চাঁদাবাজি একটি সার্বজনীন সমস্যা। এই সমস্যা দলের কতিপয় ব্যক্তি যেমন করে, দল না করা সন্ত্রাসীরাও করে। দেখেন নাই, গণঅভ্যুত্থানের নায়ক হান্নান মাসুদ পর্যন্ত চাঁদাবাজদের ছাড়াতে থানা পর্যন্ত চলে যায়! বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশকিছু নেতার বিরুদ্ধে তো এমন অভিযোগ, এসব অভিযোগে কেউ কেউ গ্রেফতারও হয়েছে।"

১৮ মাসের লুটপাটের তদন্ত চান না কেন?

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালের দিকে ইঙ্গিত করে সাবেক এই গণঅধিকার পরিষদের নেতা প্রশ্ন তোলেন, "অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসে লুটপাটের মহা উৎসবে মেতেছিলো সরকার ঘনিষ্ঠ দল ও ব্যক্তিরা! জামায়াতে ইসলামী যদি ফেরেস্তাদের দল হয়ে থাকে তবে অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের বিচার বিভাগীয় তদন্ত কেন চায় না? তদন্ত হলে কি লুটপাটের খাতায় তাদের নামও আসতে পারে, এজন্য চুপচাপ?"

​জামায়াত আমিরের বক্তব্যের পর রাশেদ খানের এই ফেসবুক পোস্টটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এবং রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।