আমরা দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে চলছি: সেতুমন্ত্রী

দৌলতদিয়া-পাটুরিয়া পয়েন্টে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত করেছে সরকার। সম্ভাব্যতা সমীক্ষা শেষ হওয়ার তথ্য জানিয়ে অর্থায়ন ও প্রাক-প্রস্তুতির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

May 11, 2026 - 22:15
 0  4
আমরা দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে চলছি: সেতুমন্ত্রী
×

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও সুদৃঢ় করতে সরকার দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের মহাপরিকল্পনা হাতে নিয়েছে। সোমবার (১১ মে) সচিবালয়ে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতকরণ সংক্রান্ত প্রস্তুতি সভা শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

সেতুর অবস্থান ও সমীক্ষা:

দৌলতদিয়া-পাটুরিয়া পয়েন্টে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের প্রয়োজনীয়তা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "হ্যাঁ, আমরা দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে চলছি। তিনটি প্রস্তাবিত রুটের মধ্যে এক নম্বর রুটটি (দৌলতদিয়া-পাটুরিয়া) আমাদের বিবেচনায় আছে। এই প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা (Fasibility Study) ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।" তিনি আরও জানান, বর্তমানে প্রকল্পের অর্থায়নের উৎস নিয়ে আলোচনা চলছে এবং অন্যান্য প্রাক-প্রস্তুতির কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।

নৌপথে নতুন নিরাপত্তা ব্যবস্থা:

আরিচা ঘাটে ফেরি থেকে বাস নদীতে পড়ে যাওয়ার সাম্প্রতিক দুর্ঘটনার প্রেক্ষিতে নৌপথে বাড়তি সতর্কতার কথা জানান মন্ত্রী। তিনি বলেন, "তদন্তে দেখা গেছে গাড়ির ব্রেকের ত্রুটির কারণে ওই দুর্ঘটনা ঘটেছিল। এবার ফেরিতে গাড়ি ওঠার আগে বিশেষ ব্যারিকেড ব্যবস্থা করা হচ্ছে। ফেরি সম্পূর্ণ খালি না হওয়া পর্যন্ত নতুন কোনো গাড়ি সেখানে প্রবেশ করতে পারবে না।"

সদরঘাটে শৃঙ্খলা ও ঈদ ব্যবস্থাপনা:

সদরঘাটে স্পিডবোট ও লঞ্চ চলাচলে নতুন শৃঙ্খলা আনার কথা জানিয়ে সেতুমন্ত্রী বলেন, এখন থেকে স্পিডবোটের যাত্রীরা সরাসরি লঞ্চে উঠতে পারবেন না; তাদের নির্ধারিত পন্টুন ও নবনির্মিত সংযোগ ব্রিজ ব্যবহার করতে হবে।

​মন্ত্রী উল্লেখ করেন, প্রায় দেড় কোটি মানুষের ঈদযাত্রা এবং এক কোটির বেশি কোরবানির পশু পরিবহন এবারের ব্যবস্থাপনার জন্য বড় চ্যালেঞ্জ। তবে সব সংস্থা সমন্বিতভাবে কাজ করলে ভোগান্তি ও দুর্ঘটনা উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা সম্ভব হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

​#দ্বিতীয়_পদ্মা_সেতু #সেতুমন্ত্রী #যোগাযোগ #ঈদ_২০২৬ #বাংলাদেশ #উন্নয়ন #নিরাপদ_সড়ক #PressPoint