বিএনপি ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে: ডা. শফিকুর রহমান

বিএনপি আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদের পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জুলাই বিপ্লবের শহীদদের ভুলে ক্ষমতার মোহে তারা মত্ত বলে অভিযোগ তাঁর।

Apr 25, 2026 - 16:52
 0  3
বিএনপি ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে: ডা. শফিকুর রহমান
×

"আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করে লাভ নেই, বড়জোর দুর্বল আওয়ামী লীগ হতে পারবেন"

​বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিএনপিকে সতর্ক করে বলেছেন, দলটি বর্তমানে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে। শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত এক বিশাল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কড়া সমালোচনা করেন।

বিপ্লবের বেনিফিশিয়ারি বনাম শহীদ পরিবার

ডা. শফিকুর রহমান বলেন, "জুলাই বিপ্লবের শহীদদের রক্তের বিনিময়ে আজকে আপনারা ক্ষমতা এনজয় করছেন। কিন্তু ক্ষমতায় আসার আগেই আপনারা শহীদ পরিবারদের ভুলে গেছেন। ৫ আগস্টের পর ৭ আগস্টই আপনারা পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে নির্বাচনের দাবি তুললেন, ক্ষমতায় বসতে চাইলেন। শহীদ পরিবারের কান্না আপনাদের অন্তরকে স্পর্শ করেনি।" তিনি বিএনপিকে এই বিপ্লবের 'বেনিফিশিয়ারি' হিসেবে উল্লেখ করে বলেন, আহতদের নিয়ে বিএনপির কোনো কার্যকর ভাবনা জাতি দেখেনি।

রাজনৈতিক অবস্থানের সমালোচনা

বিএনপির বর্তমান কর্মকাণ্ডের সমালোচনা করে জামায়াত আমির বলেন, "আপনারা হাজার চেষ্টা করলেও আওয়ামী লীগ হতে পারবেন না; বড়জোর দুর্বল আওয়ামী লীগ হতে পারবেন। যে আওয়ামী লীগ একসময় বিরোধী দলকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করত, আপনারা ঠিক একই কাজ শুরু করেছেন।" তিনি অভিযোগ করেন, বিএনপি তাদের নিজেদের দেওয়া ৩১ দফা কর্মসূচিরও এখন বিরোধিতা করছে, যা জাতির সঙ্গে সুস্পষ্ট প্রতারণা।

গণভোট ও সংস্কার প্রসঙ্গ

ডা. শফিকুর রহমান দাবি করেন, রাষ্ট্রের মৌলিক সংস্কার এবং সুশাসন কায়েমের প্রতিটি বিষয়ে বিএনপি এখন বাধা হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, "যেদিন তারা গণভোটের রায় অস্বীকার করেছে, সেদিন থেকেই বিএনপি ফ্যাসিবাদের পথে যাত্রা শুরু করেছে।" তিনি আরও জানান, আওয়ামী আমলের স্বৈরাচারী আইনগুলো বহাল রাখার পক্ষেই এখন বিএনপি অবস্থান নিচ্ছে।

শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতা ও হুঁশিয়ারি

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং থানার ভেতরে ডাকসু প্রতিনিধিদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, "আমরা শিক্ষা প্রতিষ্ঠানে সন্তানদের হাতে দা-কুড়াল দেখতে চাই না, খাতা-কলম দেখতে চাই। কোনো আদুভাই বা দাদুভাই যেন আমাদের সন্তানদের পথ না আটকায়।"

চুড়ান্ত বার্তা

বক্তব্যের শেষে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "জুলাই শুধু ২৪ সালেই ছিল না, জুলাই প্রতি বছর ফিরে আসে। যদি জনগণের রায় (৭০ শতাংশ মানুষের গণভোটের রায়) না মানেন এবং ফ্যাসিবাদের পথ পরিহার না করেন, তবে জুলাই আবার ফিরে আসবে এবং ফ্যাসিবাদের চূড়ান্ত কবর রচনা হবে।" তিনি স্পষ্ট ঘোষণা দেন যে, গণভোটের রায় বাস্তবায়নে তাঁদের লড়াই সংসদের ভেতরে এবং রাজপথে সমানতালে চলবে।