বরিশালে জামায়াত আমিরের হুঁশিয়ারি: ‘গণভোট ব্যর্থ হলে সরকারও টিকবে না’
বরিশালে ১১ দলীয় ঐক্যের সমাবেশে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটের ফলাফল অস্বীকার করা হলে বর্তমান সরকারের বৈধতাও প্রশ্নবিদ্ধ হবে। তিনি গণরায় বাস্তবায়নের দাবি জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, যে গণভোটে জনগণ ব্যাপক সমর্থন দিয়েছে, সেই গণভোটের বৈধতার ভিত্তিতেই বর্তমান সরকার নিজেদের অবস্থান দাবি করছে। গণভোটের ফলাফল অস্বীকার করা হলে সরকারের বৈধতাও প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেন তিনি।
শনিবার (১৮ জুলাই) বিকেলে বরিশালের হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থাসহ সার্বিক উন্নয়নের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে ডা. শফিকুর রহমান বলেন, “যে গণভোটে ৭০ শতাংশ জনগণ রায় দিয়েছে, সেই একই দিনের ভোটের ভিত্তিতেই আপনারা সরকার বলে দাবি করছেন। গণভোট যদি অস্বীকার করা হয়, তাহলে এই সরকারও গ্রহণযোগ্য থাকবে না। জনগণ গণভোটের রায় বাস্তবায়নে বাধ্য করবে, ইনশাআল্লাহ।”
বিএনপির উদ্দেশে তিনি বলেন, “১৯৯১ সালের পর ক্ষমতায় এসে আপনারা কেয়ারটেকার সরকারের প্রয়োজনীয়তা বুঝতে পারেননি। পরে ঠিকই বুঝেছেন। আমরা চাই না আবারও জাতিকে মূল্য দিতে হোক। এখনই বাস্তবতা উপলব্ধি করুন।”
তিনি আরও বলেন, “আমরা রাজপথে সংঘাত চাই না। সবাইকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই। কিন্তু যদি বারবার রাজনৈতিক শক্তিগুলোকে রাজপথে ঠেলে দেওয়া হয়, তাহলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে। সেই আগুনে অনেক কিছুই পুড়ে ছারখার হয়ে যেতে পারে।”
সমাবেশে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


