বগুড়ায় ২০ কোটি টাকার শাহ ফতেহ আলী সেতু উদ্বোধন

বগুড়ার করতোয়া নদীর ওপর নির্মিত ২০ কোটি টাকা ব্যয়ের শাহ ফতেহ আলী সেতু উদ্বোধন করা হয়েছে। সেতু চালু হওয়ায় পূর্বাঞ্চলের চার উপজেলার প্রায় ১৬ লাখ মানুষের যোগাযোগ ও কৃষিপণ্য পরিবহন সহজ হবে।

Aug 8, 2026 - 22:30
Aug 8, 2026 - 22:33
 0  2
বগুড়ায় ২০ কোটি টাকার শাহ ফতেহ আলী সেতু উদ্বোধন
×

বগুড়া শহরের করতোয়া নদীর ওপর নির্মিত গুরুত্বপূর্ণ শাহ ফতেহ আলী সেতু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি জেলার পূর্ব ও পশ্চিমাঞ্চলের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন করেছে। এর ফলে সারিয়াকান্দি, সোনাতলা, গাবতলী ও ধুনট উপজেলার প্রায় ১৬ লাখ মানুষের জেলা শহরে যাতায়াত ও কৃষিপণ্য পরিবহন আরও সহজ হবে।

শনিবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় বগুড়ার চেলোপাড়ায় আনুষ্ঠানিকভাবে সেতুটির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এমপি।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোশাররফ হোসেন এমপি।
সংশ্লিষ্টরা জানান, শাহ ফতেহ আলী সেতু চালু হওয়ায় বগুড়া শহরের সঙ্গে পূর্বাঞ্চলের চার উপজেলার যোগাযোগ আরও সহজ ও দ্রুত হবে। বিশেষ করে কৃষিপ্রধান এসব এলাকার উৎপাদিত কৃষিপণ্য কম সময়ে জেলা শহরসহ দেশের বিভিন্ন বাজারে পরিবহন করা সম্ভব হবে।

সেতুটি চালুর ফলে কৃষক ও ব্যবসায়ীদের সময় ও পরিবহন ব্যয় কমার পাশাপাশি এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

স্থানীয়দের মতে, শাহ ফতেহ আলী সেতু বগুড়ার পূর্ব ও পশ্চিমাঞ্চলের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে দীর্ঘদিনের যোগাযোগ সংকট কমিয়ে এ অঞ্চলের মানুষের জীবনযাত্রা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব ফেলবে।