এই বাংলাদেশ দেখার জন্য বুলেটের সামনে দাঁড়াইনি: শায়খে চরমোনাই

জুলাই গণ-আন্দোলনে ছাত্র-জনতা ও আলেম-ওলামাদের আত্মত্যাগের মূল উদ্দেশ্য বাস্তবায়ন না হলে আবারও রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর শায়খে চরমোনাই।

Jul 20, 2026 - 23:26
 0  4
এই বাংলাদেশ দেখার জন্য বুলেটের সামনে দাঁড়াইনি: শায়খে চরমোনাই
×

২০২৪-এর জুলাই গণ-অভ্যুত্থানে জীবন বাজি রেখে বুক পেতে দেওয়া তরুণ ছাত্রসমাজ, তৌহিদী জনতা ও আলেম-ওলামাদের আত্মত্যাগের মূল লক্ষ্য এখনো অর্জিত হয়নি উল্লেখ করে সরকারকে চরম হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)।

​আজ সোমবার (২০ জুলাই ২০২৬) বিকেলে বরিশাল নগরীর ঐতিহাসিক টাউন হল প্রাঙ্গণে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগর শাখার উদ্যোগে আয়োজিত সংগঠনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​‘আমাদের দাবিসমূহ দ্রুত মেনে নিন’:

জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে শায়খে চরমোনাই বলেন, “এ দেশের তরুণ ছাত্রসমাজ বারবার নিজেদের তাজা রক্ত দিয়ে অন্যায় শাসনব্যবস্থা পরিবর্তনের পথ তৈরি করেছে। চব্বিশের গণ-আন্দোলনে আবু সাঈদ, মুগ্ধসহ শত শত ছাত্র জীবন বিসর্জন দিয়েছে। আলেম-ওলামা ও তৌহিদী জনতা বুলেটের সামনে বুক পেতে দাঁড়িয়ে জীবন দিয়েছে। কিন্তু আজ আমরা যা দেখছি—এই বাংলাদেশ দেখার জন্য তো আমরা আন্দোলন করিনি! এই বাংলাদেশ দেখার জন্য আমরা বুলেটের মুখে দাঁড়াইনি।”

​সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, “জনগণের ন্যায্য ও মৌলিক দাবিসমূহ অবিলম্বে বাস্তবায়ন করুন। অন্যথায় দেশের বঞ্চিত তরুণ, ছাত্র, যুবসমাজ ও তৌহিদী জনতাকে সাথে নিয়ে আবারও রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”

​সমাবেশ থেকে তিনি সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের পাশাপাশি কাদিয়ানি সম্প্রদায় ও হেজবুত তাওহীদকে আনুষ্ঠানিকভাবে অমুসলিম ঘোষণার জোর দাবি জানান।

দক্ষিণাঞ্চলের সুনির্দিষ্ট চার দাবি:

বক্তব্যে শায়খে চরমোনাই দক্ষিণাঞ্চলকে দীর্ঘদিনের অবহেলা থেকে মুক্ত করতে বরিশালবাসীর পক্ষ থেকে ৪টি জরুরি দাবি উপস্থাপন করেন—

১. বরিশাল থেকে ঢাকা ৬ লেন বিশিষ্ট আধুনিক মহাসড়ক নির্মাণ।

২. বরিশাল-ভোলা সেতুর কাজ দ্রুত শুরু করা।

৩. বরিশাল বিভাগে দ্রুত রেলপথ সংযোগ চালু করা।

৪. দক্ষিণ অঞ্চলের মানুষের জন্য উন্নত ও আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা নিশ্চিত করা।

যুবকদের কর্মসংস্থান ও মাদকমুক্ত সমাজের দাবি:

সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকী বলেন, “দেশের চালিকাশক্তি তরুণ ও যুবসমাজ হলেও কর্মসংস্থানের অভাবে আজ তারা হতাশায় দিন কাটাচ্ছে। শিক্ষাজীবন শেষে যোগ্যতানুযায়ী চাকরি না পেয়ে যুবসমাজ মাদকের দিকে ঝুঁকছে, যা সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। অবিলম্বে তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি ও মাদকমুক্ত সমাজ গঠনে কার্যকর উদ্যোগ নিতে হবে।”

নেতৃবৃন্দের উপস্থিতি:

বরিশাল জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মাদ আরমান হোসেন রিয়াদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশাল সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাওলানা মুহাম্মাদ আল-আমিন, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বরিশাল মহানগর সভাপতি অধ্যাপক লোকমান হাকীম, জেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা জামিলুর রহমান, নগর সেক্রেটারি মাওলানা আবুল খায়ের আশরাফী, জেলা সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমানসহ জেলা, নগর ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।