বিদ্যুৎ সাশ্রয়ে কড়াকড়ি, রাত ৮টায় মার্কেট-দোকান বন্ধের নির্দেশ

বিদ্যুৎ সাশ্রয়ে শপিংমল ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ এবং আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। তবে ফার্মেসি ও খাবারের দোকান আওতামুক্ত থাকবে।

Aug 12, 2026 - 21:01
 0  2
বিদ্যুৎ সাশ্রয়ে কড়াকড়ি, রাত ৮টায় মার্কেট-দোকান বন্ধের নির্দেশ
×

দেশে বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানি ব্যবহারে মিতব্যয়িতা নিশ্চিত করতে শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার নতুন সময়সীমা নির্ধারণ করেছে সরকার। নির্দেশনামতে, এসব প্রতিষ্ঠান প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। পাশাপাশি সব ধরনের আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

​বুধবার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

​স্মারকে জানানো হয়, পূর্বে মার্কেট ও দোকানপাট রাত ৯টা পর্যন্ত খোলা রাখার নিয়ম থাকলেও সংকট মোকাবিলায় তা ১ ঘণ্টা কমিয়ে রাত ৮টা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে সব প্রকার সৌন্দর্যবর্ধনকারী ও প্রচারণামূলক আলোকসজ্জা সম্পূর্ণরূপে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

​এই নিয়ম দেশে চলমান সব ধরনের মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এসব আয়োজনও রাত ৮টার মধ্যে গুটিয়ে ফেলতে হবে।

​তবে জনভোগান্তি এড়াতে খাবারের দোকান, হাসপাতাল এবং ওষুধের দোকানকে (ফার্মেসি) এই সময়ের বিধিনিষেধ থেকে আওতামুক্ত রাখা হয়েছে। এসব সেবাভিত্তিক প্রতিষ্ঠান নিজস্ব নিয়মে কার্যক্রম চালিয়ে যেতে পারবে।

​বিদ্যুৎ বিভাগ থেকে জানানো হয়, সন্ধ্যার পর অহেতুক বিদ্যুতের অপচয় রোধ ও বিদ্যুৎ ব্যবহারে সাধারণ মানুষকে সচেতন করতেই এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।