পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার
সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ ইস্যুতে সংবিধানের বিধান ব্যাখ্যা করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পদত্যাগের ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের কথা জানান তিনি।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনার মধ্যেই থাইল্যান্ডের ব্যাংকক সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
আজ শুক্রবার (২৪ জুলাই ২০২৬) দুপুরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে রাষ্ট্রপতির পদত্যাগ সংক্রান্ত প্রশ্নের জবাবে স্পিকার সংবিধানের স্পষ্ট বিধান তুলে ধরেন।
‘সংবিধান অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে’
রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, “আমি ব্যক্তিগত কাজে দেশের বাইরে ছিলাম। সুতরাং কে পদত্যাগ করল বা কী হলো—আমার কাছে এ বিষয়ে আগাম কোনো তথ্য জানা নেই। আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি। উনি পদত্যাগ করবেন কি করবেন না, তা তাঁর বিষয়। তবে পদত্যাগ করলে সংবিধানের বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
সাংবাদিকদের সাংবিধানিক প্রক্রিয়ার বিষয়ে স্পিকার বলেন, “যদি মাননীয় রাষ্ট্রপতি পদত্যাগ করেন, তবে সংবিধান অনুযায়ী তিনি স্পিকারের কাছেই পদত্যাগপত্র জমা দেবেন। আর পদত্যাগের পর পরবর্তী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ ভোটের মাধ্যমে নতুন একজন রাষ্ট্রপতি নির্বাচিত করবে। এটাই সংবিধানের মূল পজিশন।”
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব ও আইনি অনুচ্ছেদ
পদ শূন্য হলে দায়িত্বভার কার ওপর বর্তাবে—এমন প্রশ্নের জবাবে স্পিকার স্পষ্ট করে জানান, “সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে স্পিকার অ্যাক্টিং (ভারপ্রাপ্ত) রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে জাতীয় সংসদ পরবর্তী তিন মাসের মধ্যে স্থায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে।”
সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ: রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশ্যে লিখিত ও নিজ হস্তাক্ষরে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারেন।
সংবিধানের ৫৪ অনুচ্ছেদ: রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা তিনি দায়িত্ব পালনে অপারগ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে কাজ চালিয়ে যাবেন।
সফর সংক্ষিপ্ত করার ব্যাখ্যা
গত ১৯ জুলাই ব্যক্তিগত কাজ ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য থাইল্যান্ডের ব্যাংকক গিয়েছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। নির্ধারিত সূচি অনুযায়ী তাঁর আগামী ২৬ জুলাই দেশে ফেরার কথা ছিল।
সফর দু'দিন এগিয়ে আনা প্রসঙ্গে তিনি বলেন, “চিকিৎসকের দেওয়া প্রয়োজনীয় মেডিকেল চেকআপ প্রত্যাশার চেয়ে আগেই শেষ হয়ে যাওয়ায় আমি দুই দিন আগে ফিরে এসেছি।
প্রতিবেদক: আশিকুর রহমান রাহাত


