এসএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁস: এনসিপির উদ্বেগ ও সুষ্ঠু তদন্তের দাবি
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে দলটি।
প্রশ্ন ফাঁসের সুরাহা না করে পরীক্ষা চালিয়ে যাওয়া সমীচীন হবে না: এনসিপি
২০২৬ সালের চলমান এসএসসি পরীক্ষায় অনলাইনে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গভীর উদ্বেগ এবং ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (২৫ এপ্রিল) দলটির শিক্ষা ও গবেষণা সেলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।
দায়িত্বশীলদের নিষ্ক্রিয়তায় ক্ষোভ
এনসিপি জানায়, জাতীয় গণমাধ্যম ‘সময় টেলিভিশন’-এর প্রতিবেদনের মাধ্যমে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র অনলাইনে ফাঁসের বিষয়টি দেশবাসীর সামনে এসেছে। প্রতারক চক্রের মাধ্যমে লাগামহীনভাবে প্রশ্ন ফাঁস হলেও এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো কার্যকর তৎপরতা দেখা যায়নি। একে শিক্ষা মন্ত্রণালয়ের ‘চরম দায়িত্বহীনতা’ বলে উল্লেখ করেছে দলটি।
শিক্ষামন্ত্রীর ভূমিকার সমালোচনা
বিবৃতিতে শিক্ষামন্ত্রীর সমালোচনা করে বলা হয়, মাননীয় শিক্ষামন্ত্রী শিক্ষা ব্যবস্থার উন্নয়ন বা শিক্ষক-শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করার চেয়ে পরীক্ষার হলে তদারকি এবং ‘রিলস’ বানানোকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। এনসিপির মতে, পরীক্ষার হল তদারকির জন্য শিক্ষক ও পরিদর্শকরাই যথেষ্ট। মন্ত্রীর প্রধান কাজ হওয়া উচিত প্রশাসনিক তদারকি এবং প্রশ্ন ফাঁসের মতো গুরুতর অপরাধ রোধ করা।
দাবি ও হুঁশিয়ারি
বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, গত ২০ এপ্রিল থেকে প্রশ্ন ফাঁস শুরু হলেও সরকারের উদাসীনতা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এ অবস্থায় প্রশ্ন ফাঁসের বিষয়ের সুরাহা না করে পরীক্ষা চালিয়ে যাওয়া কোনোভাবেই সমীচীন হবে না বলে মনে করে এনসিপি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত স্বাক্ষরিত এই বিবৃতিতে অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে এর পেছনে জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। অন্যথায় শিক্ষা ব্যবস্থার অপূরণীয় ক্ষতির দায়ভার সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দেয় দলটি।


