জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

চলতি জুলাই মাসের ৩০ তারিখ প্রকাশিত হতে পারে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। ফল প্রকাশের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড ও মন্ত্রণালয়।

Jul 26, 2026 - 12:31
 0  16
জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
×

চলতি ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলের জন্য প্রহর গুনছেন প্রায় ১৮ লাখ পরীক্ষার্থী। দীর্ঘ প্রতীক্ষার পর জানা গেছে, চলতি জুলাই মাসের মধ্যেই প্রকাশিত হতে যাচ্ছে এই কাঙ্ক্ষিত ফল।

​শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে জানা গেছে, আগামী ২৭ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে ফলাফলের যাবতীয় কাজ চূড়ান্ত সম্পন্ন করে ৩০ জুলাই (বৃহস্পতিবার) সম্ভাব্য ফল প্রকাশের তারিখ নির্ধারণের পরিকল্পনা নেওয়া হচ্ছে।

২৮ জুলাইয়ের মধ্যে ফলাফল পুরোপুরি প্রস্তুত

​শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, পরীক্ষার্থীদের অপেক্ষা ও অভিভাবকদের উৎকণ্ঠা নিরসনে দ্রুত ফলাফল প্রকাশের কাজ চলছে।

​বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, “আমরা প্রাথমিক পরিকল্পনায় ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের চেষ্টা চালিয়েছিলাম, তবে তা সম্ভব হয়নি। তবে এখন ২৭ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে ফলাফল পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। ফল রেডি হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয় সরকারের অনুমোদনক্রমে যেদিন দিনক্ষণ চূড়ান্ত করবে, সেদিনই আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।”

৩০ জুলাই প্রকাশের জোরালো সম্ভাবনা

​শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, “শিক্ষা বোর্ডগুলো যদি ২৮ তারিখের মধ্যে ফল প্রস্তুতের কাজ শেষ করতে পারে, তবে চলতি মাসের মধ্যেই ফল প্রকাশে কোনো বাধা থাকবে না। সে ক্ষেত্রে আগামী ৩০ জুলাই ফলাফল প্রকাশের দিন হিসেবে চূড়ান্ত হতে পারে।”

নির্ধারিত সময়ের চেয়ে কিছুদিন বিলম্ব

​উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয়েছিল গত ২০ মে। বোর্ডের প্রচলিত নিয়ম অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে।

​সেই হিসেব অনুযায়ী ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও বিভিন্ন জটিলতার কারণে কিছুটা বিলম্বিত হয়। তবে মাসের শেষ কার্যদিবসের মধ্যেই ফলাফল শিক্ষার্থীদের হাতে তুলে দিতে বোর্ডের পুরো টিম কাজ চালিয়ে যাচ্ছে।