বিএনপি সরকারের প্রতি আস্থা রাখুন, আমরা জনগণের কল্যাণে কাজ করছি: সুলতান সালাউদ্দিন টুকু

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে বিএনপি সরকার; টাঙ্গাইলে ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

Feb 28, 2026 - 05:05
 0  6
বিএনপি সরকারের প্রতি আস্থা রাখুন, আমরা জনগণের কল্যাণে কাজ করছি: সুলতান সালাউদ্দিন টুকু
×

​কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালনায় আমরা নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছি। বিএনপি সরকারের প্রতি আপনারা আস্থা রাখুন।"

​শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে নবনির্বাচিত কার্যকরী পরিষদের পরিচিতি সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার সংবাদপত্রের স্বাধীনতার ক্ষেত্রে অত্যন্ত উদার ভূমিকা পালন করছে এবং এ ক্ষেত্রে কোনো ধরনের হস্তক্ষেপ নেই। সাংবাদিকরা সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের কাজ করতে পারবেন। দেশের উন্নয়ন ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।

সরকারের সফলতার কথা উল্লেখ করে তিনি বলেন, "গতকাল যুগান্তকারী পদক্ষেপ হিসেবে প্রান্তিক কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করেছে বিএনপি সরকার, যা তাদের বড় অর্থনৈতিক স্বস্তি দেবে।" এছাড়া জনগণের কল্যাণে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণ কার্যক্রম এবং সার, কীটনাশকসহ অন্যান্য কৃষি উপকরণ সহজলভ্য করার কাজ চলমান রয়েছে।

নির্বাচনী প্রতিশ্রুতির কথা স্মরণ করে সুলতান সালাউদ্দিন টুকু জানান, চাঁদাবাজমুক্ত, কিশোর গ্যাংমুক্ত ও মাদকমুক্ত টাঙ্গাইল গড়ে তোলার লক্ষ্যে প্রশাসন ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে। তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "আপনাদের লেখনীর মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনে আমরা সহায়তা চাই। তবে এমন কোনো সংবাদ পরিবেশন করবেন না, যাতে চলমান উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হয়।"

টাঙ্গাইল প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আতাউর রহমান আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার এবং টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন।

​অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ক্লাবের সাবেক সভাপতি খান মোহাম্মদ খালেদ ও সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা। নবনির্বাচিত কমিটির কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন সাবেক সভাপতি জাফর আহমেদ। ইফতার মাহফিলে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।