মির্জাপুরে নিখোঁজের ৩ দিন পর ইটভাটায় মিলল যুবদল নেতার মরদেহ
টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ইউসুফ খানের মরদেহ ইটভাটার মাটির স্তূপের নিচ থেকে উদ্ধার করেছে পুলিশ।
টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর ইউসুফ খান (৩২) নামে এক স্থানীয় যুবদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) সন্ধ্যায় উপজেলার আজগানা ইউনিয়নের ঘাগরাই গ্রামের একটি ইটভাটার মাটির স্তূপের নিচ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইউসুফ আজগানা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক এবং দুলাল খানের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় বাড়ির পাশে মাটির সাইড দেখতে গিয়ে তিনি আর ফেরেননি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল। নিখোঁজ হওয়ার ঘটনায় জড়িত সন্দেহে ঘাগরাই গ্রামের রিজন ও সৌদিপ্রবাসী হানিফকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই ইটভাটার মাটির স্তূপ খুঁড়ে মরদেহটি পাওয়া যায়।
স্থানীয়দের ধারণা, মাটির ব্যবসাকে কেন্দ্র করে বিবাদ বা গাছের ক্ষতি নিয়ে তর্কের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার অধিকতর তদন্ত চলছে।


