টাঙ্গাইলের সখীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, ৪ জন নিহত

টাঙ্গাইলের সখীপুরে একটি দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই ট্রাকে মুরগিবাহী পিকআপের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। সখীপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।

Jun 9, 2026 - 12:25
 0  4
টাঙ্গাইলের সখীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, ৪ জন নিহত
×

টাঙ্গাইল জেলার সখীপুরে দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকের পেছনে মুরগিবাহী পিকআপের ধাক্কায় চারজন নিহত হয়েছেন।

​আজ মঙ্গলবার (৯ জুন) ভোর ৪টার দিকে উপজেলার কালিয়া ইউনিয়নের কালিয়া ঘোনারচালা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে সখীপুর উপজেলার কালিয়া ঘোনারচালা এলাকায় সড়কের ওপর একটি বাঁশবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় একটি দ্রুতগতির মুরগিবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পিকআপে থাকা চার আরোহীর মৃত্যু হয়।

​সখীপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে সখীপুর থানায় নিয়ে এসেছে। নিহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

​তিনি আরও জানান, নিহতদের স্বজন ও পরিবারের লোকজন থানায় পৌঁছানোর পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহগুলো হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পর ঘাতক যান দুটি উদ্ধার করা হয়েছে।