সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

ঢাকার উত্তরায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ঘাতক চালকের শাস্তি ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

Jul 16, 2026 - 18:59
 0  5
সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক
×

রাজধানীর উত্তরায় দূরপাল্লার দ্রুতগামী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তরুণ দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—শাকিবুল ইসলাম শাকিব ও রবিউল ইসলাম রাজু। এই হৃদয়বিদারক ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও প্রচার বিভাগের প্রধান হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ।

​আজ বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) দলের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহর পাঠানো এক আনুষ্ঠানিক শোকবার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় নিহত সাংবাদিকদের শোকাহত পরিবার, আত্মীয়-স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

উত্তরা প্রেসক্লাব নির্বাচনের প্রার্থী ছিলেন তারা:

শোকবার্তায় মাওলানা শেখ ফজলুল করীম মারুফ বলেন, “তরুণপ্রাণ এই দুই সাংবাদিকদের এমন অকাল মৃত্যু আমাদেরকে গভীরভাবে শোকাহত ও ব্যথিত করেছে। নিহত শাকিবুল ইসলাম ও রবিউল ইসলাম রাজু উত্তরা প্রেসক্লাবের আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। কর্মচঞ্চল দুই গণমাধ্যমকর্মীর এই চলে যাওয়া দেশ ও গণমাধ্যম জগতের এক অপূরণীয় ক্ষতি। আমরা পরম করুণাময়ের কাছে তাদের রূহের মাগফিরাত কামনা করছি এবং জান্নাতে তাঁদের সর্বোচ্চ মর্যাদা প্রার্থনা করছি।”

​‘দেশে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই’:

সড়ক নিরাপত্তার নাজুক পরিস্থিতির কড়া সমালোচনা করে তিনি বলেন, “বর্তমানে দেশে সাধারণ মানুষের স্বাভাবিক মৃত্যুর কোনো নিশ্চয়তা নেই। রাতের ফাঁকা রাস্তায় ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনা কোনো সাধারণ দুর্ঘটনা নয়; বরং এটি চালকের চরম উদাসীনতা, খামখেয়ালি বা বেপরোয়া গতির কারণে সংঘটিত একটি হত্যাকাণ্ড। এই করুণ মৃত্যু আমাদের সামগ্রিক নাগরিক নিরাপত্তার কঙ্কালসার অবস্থাকেই আরেকবার উলঙ্গভাবে তুলে ধরছে।”

দায়ী চালকের শাস্তি ও রাষ্ট্রীয় ক্ষতিপূরণের দাবি:

ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব সড়ক ব্যবস্থাপনা পুনর্গঠনের ওপর জোর দিয়ে বলেন, “আমরা বারংবার বলে আসছি যে, সড়ক ব্যবস্থাপনায় মানুষের নিরাপত্তাকে সবার আগে প্রাধান্য দিতে হবে। চালকদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা এবং অতিরিক্ত কাজের চাপ কমানো দরকার। কিন্তু সংশ্লিষ্ট কেউ দায়িত্ব নিয়ে কাজ করছে না।”

​তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ঘাতক বাসের চালককে অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে, নিহত সাংবাদিকদের পরিবারকে রাষ্ট্রের পক্ষ থেকে উপযুক্ত ও সম্মানজনক ক্ষতিপূরণ নিশ্চিত করার জোর দাবি জানান তিনি।