পশ্চিম তীরে ইহুদিদের সহিংসতা বেড়ে যাওয়ায় যুক্তরাজ্যের তীব্র নিন্দা
অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের সহিংসতা বৃদ্ধিতে তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য। জাতিসংঘে যুক্তরাজ্যের স্থায়ী প্রতিনিধি সারাহ ম্যাকিনটোশ অপরাধীদের বিচারে আনার আহ্বান জানান।
অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারী ইহুদিদের সহিংসতা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, ফিলিস্তিনি গ্রাম ও জনপদে সম্প্রতি ঘটা এসব হামলার ঘটনা অত্যন্ত ভয়াবহ এবং কোনো কোনো ক্ষেত্রে এসব হামলায় সরাসরি ইসরাইলি সামরিক বাহিনীও জড়িত ছিল।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) ফিলিস্তিনবিষয়ক বিশেষ বৈঠকে দেওয়া বক্তব্যে জাতিসংঘে যুক্তরাজ্যের স্থায়ী প্রতিনিধি সারাহ ম্যাকিনটোশ এই উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেন।
সারাহ ম্যাকিনটোশ স্পষ্ট জানিয়ে দেন, "পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধির ঘটনায় যুক্তরাজ্য চরম নিন্দা জানাচ্ছে।" এসব হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, কেবল জুলাই মাসেই ১৩ জন ফিলিস্তিনি ও ২ জন ইসরাইলি নিহত হয়েছেন।
জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় কার্যালয়ের (ওসিএইচএ) প্রতিবেদন উদ্ধৃত করে যুক্তরাজ্যের এই প্রতিনিধি জানান, ওই মাসে বসতি স্থাপনকারীদের সংশ্লিষ্টতায় ১ হাজার ৩০০টিরও বেশি সহিংসতার ঘটনা নথিভুক্ত করা হয়েছে, যার কারণে ২৫০টির বেশি ফিলিস্তিনি লোকালয় সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি পরিসংখ্যানে আরও তুলে ধরেন, চলতি বছরে এখন পর্যন্ত প্রায় ৯০০ জন ফিলিস্তিনি আহত হয়েছেন এবং ৩ হাজার ২০০ জনেরও বেশি মানুষ নিজেদের বসতভিটা থেকে বাস্তুচ্যুত হতে বাধ্য হয়েছেন। বিপরীতে ৩ জন ইসরাইলি নিহত ও ২৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এই চলমান সংঘাতের ফলে শিশুদের চরম দুর্ভোগের কথা উল্লেখ করে তিনি বলেন, "শিশুরা ক্রমাগত সহিংসতা, বাস্তুচ্যুতি ও চলাচলের ওপর কঠোর বিধিনিষেধের শিকার হচ্ছে। একের পর এক সামরিক অভিযান তাদের স্বাভাবিক জীবনযাত্রা পুরোপুরি ব্যাহত করছে।"
যুক্তরাজ্যের প্রতিনিধি ক্ষোভ প্রকাশ করে বলেন, বছরের পর বছর ধরে এসব সহিংসতার সাথে জড়িত অপরাধীরা এক ধরনের দায়মুক্তি ভোগ করে আসছে। এই অপচর্চা বন্ধে এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনতে আরও কঠোর পদক্ষেপ প্রয়োজন। একই সঙ্গে তিনি অধিকৃত ভূখণ্ডের সাধারণ ফিলিস্তিনি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে ইসরাইল সরকারকে আন্তর্জাতিক দায়িত্ব পালনের তাগিদ দেন।


