গাড়ির গতি যত বেশি, কর তত বেশি
আগামী অর্থবছরের বাজেটে উচ্চ সিসির বিলাসবহুল গাড়ি, মাইক্রোবাস ও ডাবল কেবিন পিকআপের ওপর অগ্রিম আয়কর বাড়ানোর প্রস্তাব করা হচ্ছে। বৈদ্যুতিক গাড়িতেও বসছে নতুন কর।
সরকারের রাজস্ব আহরণ বৃদ্ধি এবং উচ্চমূল্যের বিলাসবহুল যানবাহনের ওপর কর কাঠামো পুনর্বিন্যাসের লক্ষ্যে বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে। আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে উচ্চ সিসির (ইঞ্জিন ক্ষমতা) ব্যক্তিগত গাড়ির ওপর অগ্রিম আয়কর বাড়ানোর প্রস্তাব করা হতে পারে। একই সঙ্গে দেশে জনপ্রিয় হতে থাকা বৈদ্যুতিক মোটরযানের (EV) জন্যও প্রথমবারের মতো ক্ষমতাভিত্তিক (কিলোওয়াট) অগ্রিম কর আরোপের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, মূলত অতিধনী বা বড় শিল্পপতিদের ব্যবহৃত উচ্চ ক্ষমতার বিলাসবহুল গাড়ির ওপরই এই করের বোঝা চাপানো হচ্ছে। তবে স্বস্তির বিষয় হলো, মধ্যবিত্তের ব্যবহার্য ১৫০০ থেকে ২৫০০ সিসি পর্যন্ত সাধারণ গাড়ির অগ্রিম কর আগের মতোই অপরিবর্তিত রাখা হচ্ছে।
কোন গাড়িতে কত কর বাড়ছে (প্রস্তাবিত):
২৫০০ থেকে ৩০০০ সিসি: অগ্রিম আয়কর ১ লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা।
৩০০০ থেকে ৩৫০০ সিসি: অগ্রিম আয়কর ২ লাখ টাকা থেকে বাড়িয়ে আড়াই লাখ টাকা।
৩৫০০ থেকে ৪৫০০ সিসি: অগ্রিম আয়কর ৩ লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা।
৪৫০০ সিসির ঊর্ধ্বে (সর্বোচ্চ ক্ষমতা): উচ্চ ক্ষমতাসম্পন্ন এসব গাড়ির অগ্রিম আয়কর একলাফে ৫ লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে।
মাইক্রোবাস ও পিকআপেও বাড়ছে কর:
ব্যক্তিগত বিলাসবহুল গাড়ির পাশাপাশি বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক খাতে ব্যবহৃত মাইক্রোবাস ও ডাবল কেবিন পিকআপের ক্ষেত্রেও কর বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের। আগামী অর্থবছরে প্রতিটি মাইক্রোবাস ও ডাবল কেবিন পিকআপের জন্য অগ্রিম কর ৩০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪০ হাজার টাকা নির্ধারণ করা হচ্ছে।
সংশ্লিষ্ট অর্থনীতিবিদ ও রাজস্ব কর্মকর্তাদের মতে, এই কর পুনর্বিন্যাসের ফলে সরকারের রাজস্ব আয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে এবং সমাজে করের ক্ষেত্রে সমতা নিশ্চিত করা সম্ভব হবে।


