মোজতবা খামেনির ‘মাথার দাম ১ কোটি ডলার’ ঘোষণা করল যুক্তরাষ্ট্র

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ও আইআরজিসি’র শীর্ষ কর্মকর্তাদের তথ্যের জন্য ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির আওতায় এই ঘোষণা দেওয়া হয়।

Mar 14, 2026 - 05:30
 0  5
মোজতবা খামেনির ‘মাথার দাম ১ কোটি ডলার’ ঘোষণা করল যুক্তরাষ্ট্র
×

ইরানের সদ্য নিযুক্ত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনিকে লক্ষ্যবস্তু করে তাঁর ‘মাথার দাম’ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন কেবল মোজতবা খামেনিই নন, তাঁর সরকারের গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের তথ্যের জন্য বিশাল অংকের পুরস্কার ঘোষণা করেছে।

১০ মিলিয়ন ডলারের পুরস্কার:

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ (Rewards for Justice) কর্মসূচির আওতায় এই ঘোষণা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে যুক্ত শীর্ষ কর্মকর্তাদের সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দিতে পারলে ১০ মিলিয়ন বা ১ কোটি ডলার পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।

তালিকায় থাকা শীর্ষ ব্যক্তিরা:

মার্কিন ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস প্রকাশিত ওয়ান্টেড তালিকায় মোজতবা খামেনি ছাড়াও বেশ কয়েকজন প্রভাবশালী নেতার নাম রয়েছে। তারা হলেন:

​আলি আসগর হেজাজি: সাবেক সর্বোচ্চ নেতার ডেপুটি চিফ অব স্টাফ।

​আলি লারিজানি: শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা।

​ইয়াহইয়া রহিম সাফাভি: সর্বোচ্চ নেতার সিনিয়র সামরিক উপদেষ্টা।

​এসকান্দার মোমেনি ও ইসমাইল খাতিব: যথাক্রমে স্বরাষ্ট্রমন্ত্রী ও গোয়েন্দা মন্ত্রী।

​তালিকায় নাম উল্লেখ না করে আরও চারটি পদের কর্মকর্তাদের তথ্যের জন্য পুরস্কারের কথা বলা হয়েছে—সুপ্রিম ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি, সামরিক দপ্তরের প্রধান, আইআরজিসির কমান্ডার-ইন-চিফ এবং সর্বোচ্চ নেতার উপদেষ্টা।

মার্কিন প্রশাসনের অভিযোগ:

যুক্তরাষ্ট্রের দাবি, এই ব্যক্তিরা আইআরজিসির বিভিন্ন শাখা পরিচালনা ও নির্দেশনার মাধ্যমে বিশ্বজুড়ে নানা অভিযান ও হামলা পরিকল্পনার সঙ্গে সরাসরি যুক্ত। যোগ্য তথ্য প্রদানকারীদের এনক্রিপ্টেড মেসেজিং প্ল্যাটফর্ম বা টর (Tor) নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।