প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন ২৫ কোম্পানির আলোচনা ফলপ্রসূ হয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন ২৫টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন ড. মাহদী আমিন। বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব দেওয়া হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন ২৫টি শীর্ষস্থানীয় কোম্পানির প্রতিনিধিদের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ ও কার্যকর হয়েছে বলে জানিয়েছেন তাঁর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। তিনি বলেন, "বাংলাদেশের ভবিষ্যৎকে একটি স্বনির্ভর ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এই উচ্চপর্যায়ের আলোচনা সম্পন্ন হয়েছে।"
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং সম্ভাবনাময় খাতসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উচ্চপর্যায়ের এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এক্সিলারেট এনার্জির চিফ কমার্শিয়াল অফিসার অলিভার সিম্পসন এবং ইউএস চেম্বার অব কমার্সের দক্ষিণ এশিয়া বিষয়ক সভাপতি অতুল কেশপ।
সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস, নিশা দেশাই বিসওয়ালসহ বিশিষ্ট কূটনীতিক ও বিজনেস কাউন্সিলের ঊর্ধ্বতন সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল বুধবার (১২ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের এই প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ ও প্রাথমিক আলোচনা করেন।


