দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম টর্পেডো ছুড়ল যুক্তরাষ্ট্র; ডুবল ইরানি যুদ্ধজাহাজ

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো মার্কিন সাবমেরিন থেকে ছোড়া টর্পেডো সরাসরি যুদ্ধে ইরানি ফ্রিগেট ‘আইআরআইএস দিনা’কে ডুবিয়ে দিয়েছে।

Mar 6, 2026 - 16:41
 0  3
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম টর্পেডো ছুড়ল যুক্তরাষ্ট্র; ডুবল ইরানি যুদ্ধজাহাজ
প্রতীকী ছবি
×

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো মার্কিন নৌবাহিনীর সাবমেরিন থেকে ছোড়া টর্পেডো সরাসরি যুদ্ধের সময় একটি জাহাজকে আঘাত করেছে। গত বুধবার (৪ মার্চ) ভারত মহাসাগরে শ্রীলঙ্কার কাছাকাছি এলাকায় মার্কিন টর্পেডো হামলায় ইরানের শক্তিশালী ফ্রিগেট ‘আইআরআইএস দিনা’ (IRIS Dena) ডুবে যায়।

​মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করা হয়েছে।

হামলার বিবরণ ও ভিডিও প্রকাশ:

পেন্টাগন একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যায় একটি টর্পেডো জাহাজটির পেছনের অংশের নিচে আঘাত হানছে। বিস্ফোরণের ফলে বিশাল জলরাশি শূন্যে উঠে যায় এবং জাহাজটির মূল কাঠামো ভেঙে গিয়ে দ্রুত সাগরে তলিয়ে যায়। তবে কোন সাবমেরিন থেকে এই হামলাটি চালানো হয়েছে, তা কৌশলগত কারণে গোপন রেখেছে মার্কিন নৌবাহিনী।

হতাহত ও উদ্ধার অভিযান:

শ্রীলঙ্কার কর্মকর্তারা জানিয়েছেন, ডুবে যাওয়া জাহাজটি থেকে এ পর্যন্ত ৩২ জন ইরানি নাবিককে উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, যুদ্ধজাহাজটিতে প্রায় ১৮০ জন নাবিক অবস্থান করছিলেন। বাকিদের বিষয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

ঐতিহাসিক প্রেক্ষাপট:

মার্কিন নৌবাহিনীর ইতিহাস অনুযায়ী, শেষবার ১৯৪৫ সালের ১৪ আগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিনে ‘ইউএসএস টর্স্ক’ নামের সাবমেরিনটি জাপানের একটি জাহাজ ডুবিয়ে দিয়েছিল। দীর্ঘ ৮০ বছর পর আবার সরাসরি যুদ্ধে টর্পেডো ব্যবহার করল ওয়াশিংটন।

​ব্যবহৃত মরণাস্ত্র ‘মার্ক-৪৮’:

বর্তমান হামলায় ব্যবহৃত হয়েছে ‘মার্ক-৪৮’ (Mark-48) টর্পেডো। প্রায় ৩,৮০০ পাউন্ড ওজনের এই আধুনিক অস্ত্রটি ‘সোনার’ (SONAR) প্রযুক্তি ব্যবহার করে লক্ষ্যবস্তু খুঁজে পায় এবং জাহাজের নিচে গিয়ে বিস্ফোরিত হয়, যা যে কোনো বিশালাকার জাহাজকে মুহূর্তেই দ্বিখণ্ডিত করে দিতে সক্ষম।