কুয়েতে ইরানের হামলায় ৩৮ মার্কিন সেনা আহত, আশঙ্কাজনক ৫
গত ১২ দিনে কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ৩৮ জন মার্কিন সেনা আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক এবং ১৩ জনকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গত ১২ দিনে কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ইরানের মুহুর্মুহু ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ৩৮ জন মার্কিন সেনা আহত হয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ বুধবার (১১ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আহত সেনারা বর্তমানে ব্রেইন ট্রমা, আগুনে পোড়া এবং শার্পনেলের আঘাতে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে অন্তত একজনের অবস্থা এতটাই গুরুতর যে তার একটি পা কেটে ফেলতে হতে পারে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, এই ৩৮ সেনার মধ্যে ৫ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
আহতদের বর্তমান অবস্থা:
আহত ৩৮ জনের মধ্যে উন্নত চিকিৎসার জন্য ১৩ জনকে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে একজন টেক্সাসের ব্রুক আর্মি মেডিকেল সেন্টার এবং ১২ জন ওয়াশিংটনের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে ভর্তি আছেন। বাকি ২৫ জন জার্মানির ল্যানস্তুল রিজিওয়ানল মেডিকেল সেন্টারে চিকিৎসা নিচ্ছেন।
আক্রান্ত ঘাঁটিসমূহ:
কুয়েতে মার্কিন বাহিনীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো মার্কিন আর্মি সেন্ট্রালের ফরওয়ার্ড সদর দপ্তর ‘ক্যাম্প আরিফজান’ এবং ইরাক সীমান্ত সংলগ্ন ‘আলী আল সালেম’ বিমানঘাঁটি। এছাড়াও ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহৃত ‘ক্যাম্প বুহেরিং’-এ ইরান গত কয়েক দিনে দফায় দফায় হামলা চালিয়েছে। পেন্টাগন জানিয়েছে, অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা সম্ভব হলেও বেশ কয়েকটি সরাসরি ঘাঁটিতে আঘাত হানে।
পেন্টাগনের মুখপাত্র সিন পার্নেল সিবিএসকে জানিয়েছেন, যুদ্ধ শুরুর পর থেকে গত ১১ দিনে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে মোট আহত মার্কিন সেনার সংখ্যা প্রায় ১৪০ জনে দাঁড়িয়েছে।
সূত্র: সিবিএস, আনাদোলু এজেন্সি।


