কালীগঞ্জে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে যুবক গ্রেফতার
ঝিনাইদহের কালীগঞ্জে ইসলাম ধর্ম নিয়ে অশ্রাব্য ভাষায় মন্তব্য ও কটূক্তির অভিযোগে প্রশান্ত দাস নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বিস্তারিত জানুন।
ঝিনাইদহের কালীগঞ্জে ইসলাম ধর্ম নিয়ে অত্যন্ত আপত্তিকর ও কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগে প্রশান্ত দাস (৪৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
অভিযুক্ত প্রশান্ত দাস কালীগঞ্জ শহরের কলেজ পাড়া এলাকার বাসিন্দা ননী গোপাল দাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের কলেজ পাড়া এলাকায় একটি দোকানের সামনে বেশ কয়েকজন লোক বসে বিভিন্ন ধর্ম নিয়ে কথা বলছিলেন। আলোচনার একপর্যায়ে প্রশান্ত দাস হঠাৎ করেই ইসলাম ধর্ম সম্পর্কে অত্যন্ত অশ্রাব্য ভাষায় ও আপত্তিকর মন্তব্য করেন। বিষয়টি মুহূর্তের মধ্যে জানাজানি হলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। খবর পেয়ে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কালীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে আটক করে থানা হেফাজতে নেয়।
যা বললেন প্রত্যক্ষদর্শী ও পুলিশ:
ঘটনাস্থলে উপস্থিত থাকা স্থানীয় ব্যবসায়ী এরশাদ ও আরিজ জানান, কয়েকজন সাধারণ মানুষ বসে একসঙ্গে বিভিন্ন ধর্ম ও সমাজ নিয়ে কথা বলার একপর্যায়ে প্রশান্ত দাস হঠাৎ উত্তেজিত হয়ে ইসলাম ধর্ম নিয়ে অত্যন্ত নোংরা ও অশ্রাব্য মন্তব্য করতে শুরু করেন। উপস্থিত লোকজন তাঁকে থামানোর চেষ্টা করলেও তিনি তাঁর বক্তব্য চালিয়ে যান।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করার একটি ভিডিও ফুটেজ পুলিশের হাতে আসে। ভিডিওটি দেখার পর তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পুরো বিষয়টি নিবিড়ভাবে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে ঘটনার প্রাথমিক সত্যতা ও আইনি প্রমাণ মিললে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে।


