জনগণের অধিকার রক্ষায় যুবসমাজকে সোচ্চার হতে হবে: মাওলানা উবায়দুল্লাহ ফারুক

জনগণের অধিকার রক্ষা ও দ্বীন সংরক্ষণে যুবসমাজকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক। যুব জমিয়তের সম্মেলনে নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।

Aug 13, 2026 - 22:15
 0  2
জনগণের অধিকার রক্ষায় যুবসমাজকে সোচ্চার হতে হবে: মাওলানা উবায়দুল্লাহ ফারুক
×

জনগণের অধিকার রক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ইলমে ওহী সংরক্ষণে দেশের যুবসমাজকে সোচ্চার হওয়ার তাগিদ দিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক। তিনি বলেন, "রাজনৈতিক স্বার্থে দ্বীনের মূলনীতি বিসর্জন দেওয়ার মতো প্রতারণার রাজনীতি আমরা করি না। রাজনীতি হবে দ্বীন ও ইসলামের হেফাজতের জন্য, প্রচার বা ভাইরাল হওয়ার জন্য নয়।"

​বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​মাওলানা উবায়দুল্লাহ ফারুক আরও বলেন, "যুব জমিয়ত কেবল ওলামায়ে কেরামের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আলেমদের নেতৃত্বে জেলা, উপজেলা ও ইউনিট পর্যায় পর্যন্ত দেশের সাধারণ যুবসমাজ, ব্যবসায়ী ও তরুণদের সম্পৃক্ত করে প্রতিনিধিত্বশীল শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হবে।"

​সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, "১৯৭১ ও ২০২৪—উভয় বিপ্লবের শহীদদের রক্তকে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। ইতিহাস বিকৃতি বা তথ্যসন্ত্রাসের মাধ্যমে ২৪-এর আন্দোলনকে পকেটবন্দি হতে দেওয়া হবে না। আমরা নতুন কোনো বিভাজনের দেয়াল তৈরি হতে দেব না; ঐক্যবদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।"

​তিনি আরও বলেন, "কৃষকেরা আজ সার সংকটে ভুগছেন। ১ হাজার টাকার সার সিন্ডিকেটের কারণে ২ হাজার টাকায় কিনতে হচ্ছে। বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাসের তীব্র সংকটে জনজীবন অতিষ্ঠ। অর্থনীতি ও জনজীবনকে সংকটমুক্ত করতে সরকারকে অতি দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।"

​যুব জমিয়তের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা:

সম্মেলন শেষে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জল হক আজিজ যুব জমিয়ত বাংলাদেশের ৬১ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন।

​নবগঠিত কমিটির প্রধান দায়িত্বপ্রাপ্তবৃন্দ:

​সভাপতি: মাওলানা ইসহাক কামাল

​সিনিয়র সহ-সভাপতি: মাওলানা সোলাইমান মাদানী

​সাধারণ সম্পাদক: মাওলানা চৌধুরী নাসির আহমদ

​সাংগঠনিক সম্পাদক: মাওলানা আতাউর রহমান

​যুব জমিয়তের সদ্যবিদায়ী সভাপতি মাওলানা তাফহীমুল হকের সভাপতিত্বে এবং যৌথ পরিচালনায় অনুষ্ঠানে জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা শেখ মুজিবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা মতিউর রহমান গাজীপুরী, প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী এবং ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি রিদওয়ান মাযহারীসহ প্রমূখ শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।