ইলেকশন মেকানিজমের অভিযোগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কলংক তিলক : পীর সাহেব চরমোনাই
১২ ফেব্রুয়ারির নির্বাচনে ‘ইলেকশন মেকানিজম’ ও অনিয়মের অভিযোগ তুলেছেন পীর সাহেব চরমোনাই। তিনি একে ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ‘কলঙ্ক তিলক’ বলে অভিহিত করেছেন।
টানা তিনটি নির্বাচনে জালিয়াতির পর হওয়া চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে বর্তমান নির্বাচন প্রশ্নবিদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ‘ইলেকশন মেকানিজম’-এর যে অভিযোগ উঠেছে, তা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইতিহাসে এক বিশাল ‘কলঙ্ক তিলক’ হয়ে থাকবে।
আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পর্যালোচনা সভা’য় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পীর সাহেব চরমোনাই বলেন, "আমরা স্বৈরাচারের সাথে চিরতরে স্বৈরতন্ত্রের বিলোপ চেয়েছিলাম। কিন্তু আক্ষেপের বিষয় হলো, সদ্য সমাপ্ত নির্বাচন নিয়ে অসংখ্য অভিযোগ উঠেছে। বুথ থেকে এজেন্ট বের করে দেওয়া, ভোটারদের ভয়ভীতি দেখানো এবং ভোট গণনায় ছলচাতুরিসহ নানা অনিয়মের তথ্য আমাদের প্রার্থীরাও দিয়েছেন।"
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন: "নির্বাচনী অনিয়ম রোধ করতে জাতি এতো রক্ত ও জীবন দিল, অথচ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও সেই আগের ইতিহাসের পুনরাবৃত্তি জাতিকে চরমভাবে হতাশ করেছে।"
নির্বাচন কমিশনের প্রতি কঠোর আহ্বান জানিয়ে মুফতি রেজাউল করীম বলেন, নির্বাচনের অনিয়ম সংক্রান্ত প্রতিটি অভিযোগ নির্মোহভাবে তদন্ত করতে হবে। অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
ইসলামী আন্দোলনের এই সভায় সদ্য সমাপ্ত নির্বাচনে ‘হাতপাখা’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীসহ বিভিন্ন জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। সভায় প্রার্থীরা নিজ নিজ এলাকার নির্বাচনের বাস্তব চিত্র ও অনিয়মের তথ্য তুলে ধরেন।


