ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার: মাহদী আমিন
নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নে ঈদুল ফিতরের আগেই ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেবে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। তেজগাঁওয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে দেশের মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। ঈদুল ফিতরের আগেই প্রাথমিকভাবে কয়েকটি এলাকায় এই কার্যক্রম শুরু হবে।
আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী শাহে আলমকে পাশে রেখে মাহদী আমিন জানান: “নির্বাচনের আগে বিএনপির অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবসহ বিভিন্ন ধর্মগুরুদের রাষ্ট্রীয়ভাবে সম্মানী ভাতা প্রদান করা। সেই ধারাবাহিকতায় সরকার ক্ষমতায় এসেই এই কার্যক্রম হাতে নিয়েছে। ঈদুল ফিতরের আগেই এর সূচনা হবে এবং পর্যায়ক্রমে তা সারাদেশে বিস্তৃত করা হবে।”
সম্মানীর পরিমাণ কত হবে জানতে চাইলে তিনি বলেন, আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে খুব শীঘ্রই সম্মানীর অংক চূড়ান্ত করা হবে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, আজ ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের তৃতীয় কর্মদিবস এবং প্রথমবারের মতো তিনি তেজগাঁও কার্যালয়ে অফিস করেছেন।
অফিসে প্রবেশের আগে তিনি সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে পলিসি কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। তিনি অনেক পুরোনো কর্মজীবীদের সঙ্গেও কুশল বিনিময় করেন।
এ সময় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সিদ্ধান্তের মাধ্যমে আলেম-ওলামাদের দীর্ঘদিনের একটি দাবি পূরণের পথে হাঁটছে নতুন সরকার।


