বিএনপি সব জায়গায় বিনাভোটের মেয়র দিচ্ছে: আসিফ মাহমুদ

বিএনপি সরকার সব জায়গায় বিনাভোটের মেয়র দিচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সিটি কর্পোরেশনে দলীয় প্রশাসক নিয়োগের তীব্র সমালোচনা করেন তিনি।

Feb 23, 2026 - 22:35
 0  73
বিএনপি সব জায়গায় বিনাভোটের মেয়র দিচ্ছে: আসিফ মাহমুদ
×

ইন্টেরিম (অন্তর্বর্তী) সরকারকে বিনাভোটের সরকার বলে গালি দেওয়া বিএনপি এখন সব জায়গায় বিনাভোটের মেয়র দিচ্ছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ করেন।

সিটি কর্পোরেশনে রাজনৈতিক নিয়োগ

​বিএনপি ক্ষমতা গ্রহণের এক সপ্তাহের মাথায় স্থানীয় সরকার প্রশাসনে বড় ধরনের রদবদল ঘটিয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিসহ দেশের ছয়টি গুরুত্বপূর্ণ সিটি করপোরেশনে কর্মরত সরকারি আমলাদের সরিয়ে দিয়ে রাজনৈতিক ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্ত সবাই বিএনপি ও এর সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতা। গত রবিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিটি করপোরেশন-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

​প্রজ্ঞাপন অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অথবা নতুন নির্বাচিত পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত এই প্রশাসকরা তাদের দায়িত্ব পালন করবেন।

​২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার রাজনৈতিক মেয়রদের সরিয়ে সরকারি কর্মকর্তাদের প্রশাসক নিয়োগ করেছিল। বিএনপি ক্ষমতায় আসার পর পুনরায় রাজনৈতিক ব্যক্তিদের এসব পদে বসানো হলো। এই প্রেক্ষাপটে আসিফ মাহমুদ তার পোস্টে বলেন:

​“শহরগুলোতে ভোটের অঙ্ক দেখে নির্বাচন দেবার সাহস পাচ্ছে না সরকারি দল। ইন্টেরিমকে সকাল-বিকেল বিনাভোটের সরকার বলে গালি দেওয়া দলটি এখন বিনাভোটের মেয়র দিচ্ছে সব জায়গায়।”

​স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘যত দ্রুত সম্ভব’ নির্বাচনের কথা বললেও, তার আগেই এই নিয়োগ সম্পন্ন হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন আসিফ মাহমুদ। তিনি আরও লেখেন:

​“আপকামিং: বিনাভোটের উপজেলা চেয়ারম্যান, বিনাভোটের ইউপি চেয়ারম্যান, বিনাভোটের মেম্বার, বিনাভোটের ওয়ার্ড কাউন্সিলর।”

​উল্লেখ্য, নবনিযুক্ত এই প্রশাসকদের নিয়োগকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।