যাত্রাবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে লেগুনা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ

রাজধানীর যাত্রাবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে নুর-এ আলম ওরফে খায়রুল ইসলাম (৩৫) নামে এক লেগুনা চালককে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে।

Feb 21, 2026 - 14:46
 0  5
যাত্রাবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে লেগুনা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ
×

রাজধানীর যাত্রাবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে নুর-এ আলম ওরফে খায়রুল ইসলাম (৩৫) নামে এক লেগুনা চালককে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে যাত্রাবাড়ী থানাধীন সুফিয়া গার্মেন্টসের সামনে এই হামলার ঘটনা ঘটে।

​নিহত নুর-এ আলম শরীয়তপুরের শফিপুর সদরের মোয়াল্লেম সরদারের ছেলে। তিনি যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় সপরিবারে ভাড়া থাকতেন।

ঘটনার বিবরণ ও মৃত্যু

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে সুফিয়া গার্মেন্টসের সামনে পূর্ব বিরোধের জেরে নুর-এ আলমকে বেধড়ক মারধর করে প্রতিপক্ষ। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের প্রাথমিক তদন্ত

​যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। পুলিশ সদস্যরা ঘটনাস্থল ও হাসপাতালে থেকে ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছেন।

​ওসি আরও জানান:​ ‘প্রাথমিকভাবে জানা গেছে, সম্প্রতি নুর-এ আলমের সঙ্গে অন্য এক লেগুনা চালকের ঝগড়া হয়েছিল। ধারণা করা হচ্ছে, সেই শত্রুতার জেরেই তাকে মারধর করে হত্যা করা হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতারের জন্য অভিযান চলছে।’

​এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় উত্তজনা বিরাজ করছে। নিহতের পরিবার এই ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।