হাতকড়া পরে মায়ের জানাজা পড়া সেই দুই ভাই এবার বাবা হারালেন
মায়ের মৃত্যুর মাত্র দুই দিনের ব্যবধানে বাবা হারালেন কারাবন্দী দুই ভাই ফরিদুল আলম ও মোহাম্মদ ইসমাইল। এর আগে হাতকড়া পরে মায়ের জানাজায় অংশ নিয়েছিলেন তারা।
মায়ের জানাজা পড়ার মাত্র দুই দিনের ব্যবধানে এবার মাথা ওপর থেকে বাবার ছায়াও হারালেন কারাবন্দী দুই ভাই ফরিদুল আলম (৪৩) ও মোহাম্মদ ইসমাইল (৩৮)। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কক্সবাজারের রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের নিজ বাড়িতে তাদের বাবা নুর আহমদ (৯০) মৃত্যুবরণ করেন।
এর গত শনিবার (২১ ফেব্রুয়ারী) সকালে বার্ধক্যজনিত কারণে তাদের মা মোস্তফা বেগমের (৮০) মৃত্যু হয়। মায়ের জানাজা ও দাফনে অংশ নিতে গত শনিবার পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছিলেন দুই ভাই। সেই সময় পুলিশি পাহারায় এবং হাতকড়া পরা অবস্থায় মাকে শেষ বিদায় জানান তারা। মায়ের জানাজা শেষে তাদের পুনরায় কারাগারে পাঠানো হয়।
আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে নুর আহমদের জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঠিক একই মাঠে গত শনিবার মায়ের জানাজায় উপস্থিত হয়ে অসুস্থ বাবার জন্য দোয়া চেয়েছিলেন তারা।
মামলা ও রাজনৈতিক পরিচয়
পারিবারিক সূত্রে জানা গেছে, ফরিদুল ও ইসমাইল দীর্ঘদিন ধরে অধুনালুপ্ত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তাদের বিরুদ্ধে রামু থানায় একাধিক মামলা রয়েছে। স্বজনরা জানান, প্রথমে একটি মামলায় জামিন পাওয়ার পর অন্য মামলায় তাদের পুনরায় আটক দেখানো হয়।
ইসমাইলের স্ত্রী কুলছুমা বেগম আক্ষেপ করে বলেন: "আমার স্বামী নির্দোষ। তাদেরকে অহেতুক মামলায় জড়িয়ে জেল খাটানো হচ্ছে। আজ মা ও বাবা দুজনই মারা গেলেন, অথচ সন্তান হিসেবে শেষ সেবাটুকুও তারা করতে পারলেন না।"
থানা ও প্রশাসনের বক্তব্য
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, দুই ভাইয়ের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তারা গত শনিবার প্যারোলে মুক্তি পেয়েছিলেন। তিনি আরও জানান, বাবার জানাজার জন্য পুনরায় প্যারোলের আবেদন করা হলে আজও (মঙ্গলবার) তারা মুক্তি পেতে পারেন।
উল্লেখ্য, হাতকড়া পরে মায়ের জানাজায় অংশ নেওয়ার ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা ও সমবেদনা তৈরি হয়।


