ইশতেহারের ৯ অগ্রাধিকার বাস্তবায়ন শুরু বিএনপি সরকারের
সরকার গঠনের ১৮০ দিন পূর্তিতে নির্বাচনি ইশতেহারে ঘোষিত ৯টি অগ্রাধিকার বাস্তবায়নের কাজ শুরু করেছে বিএনপি সরকার। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড থেকে শুরু করে ডিজিটাল অর্থনীতি ও পরিবেশ রক্ষায় গৃহীত উদ্যোগসমূহ নিয়ে বিস্তারিত।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঘোষিত নির্বাচনি ইশতেহার অনুযায়ী ‘মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক রাষ্ট্র’ বিনির্মাণের অঙ্গীকার বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার। গত ১৭ ফেব্রুয়ারি সরকার গঠনের পর ১৮০ দিন পূর্তিতে ইশতেহারে উল্লেখিত ৯টি মূল অগ্রাধিকারকে সামনে রেখে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থা কার্যক্রম জোরদার করেছে।
ইশতেহার অনুযায়ী, সরকার গঠনের প্রথম ১৮০ দিনে অগ্রাধিকারভিত্তিক যে ৯টি খাতে কাজ শুরু হয়েছে:
ফ্যামিলি কার্ড: প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারকে সামাজিক সুরক্ষার আওতায় আনতে চালু হয়েছে ‘ফ্যামিলি কার্ড’। প্রতি কার্ডধারীকে মাসে ২,৫০০ টাকা বা সমমূল্যের নিত্যপণ্য সরবরাহ করা হচ্ছে, যা পর্যায়ক্রমে বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
কৃষক কার্ড: ফসলের ন্যায্যমূল্য, সরাসরি ভর্তুকি, সহজ শর্তে ঋণ, কৃষি বীমা ও বাজারজাতকরণ নিশ্চিত করতে চালু হয়েছে ‘কৃষক কার্ড’। মৎস্য ও পশুপালন খামারিরাও এই সুবিধার আওতায় আসছেন।
স্বাস্থ্য খাত: ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ, জেলা ও মহানগর পর্যায়ে মানসম্মত চিকিৎসা এবং মা ও শিশুর পূর্নাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ চলছে।
শিক্ষা ব্যবস্থা: বাস্তব দক্ষতা ও মূল্যবোধভিত্তিক শিক্ষানীতি, প্রাথমিক শিক্ষায় বিশেষ গুরুত্ব, শিক্ষক-শিক্ষার্থীদের প্রযুক্তি সহায়তা এবং স্কুলে ‘মিড-ডে মিল’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
তরুণদের কর্মসংস্থান: কারিগরি ও ভাষা দক্ষতা বৃদ্ধি, স্টার্টআপ ঋণ, ই-কমার্স প্ল্যাটফর্মে সংযোগ এবং সম্পূর্ণ মেধাভিত্তিক সরকারি নিয়োগপ্রক্রিয়া জোরদার করা হচ্ছে।
ক্রীড়াকে পেশা হিসেবে গড়া: জেলা ও উপজেলা পর্যায়ে ক্রীড়া অবকাঠামো গড়ে তুলে খেলাধুলাকে জীবিকার মাধ্যম হিসেবে গড়ে তোলার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
পরিবেশ ও জলবায়ু: ২০ হাজার কিলোমিটার নদী ও খাল পুনঃখনন, ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালুর বড় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি: সকল ধর্মের উপাসনালয়ের ধর্মীয় নেতাদের জন্য সরকারি সম্মানী ও কল্যাণমূলক প্রশিক্ষণ ব্যবস্থা শুরু হচ্ছে।
ডিজিটাল অর্থনীতি ও পেপাল: বৈশ্বিক সংযোগ বাড়াতে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে (পেপাল) চালু ও ‘মেড ইন বাংলাদেশ’ পণ্যের রপ্তানি সম্প্রসারণে কাজ চলছে।
সুশাসন ও ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার:
ইশতেহার বাস্তবায়নের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘৩১ দফা’ এবং ‘জুলাই সনদ’-এর নীতি অনুসরণ করে দুর্নীতি দমন, আইনের শাসন প্রতিষ্ঠা ও সার্বিক জবাবদিহিতা নিশ্চিতকরণকে রাষ্ট্র পরিচালনার প্রধান ভিত্তি ধরা হয়েছে। সরকারের তরফ থেকে জানানো হয়, এই ৯টি অগ্রাধিকার শুধু নির্বাচনি প্রতিশ্রুতি নয়, বরং একটি নতুন মানবিক ও সুশাসিত বাংলাদেশ গড়ার সামাজিক চুক্তি।


